নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী নয়জনের মধ্যে ছয়জনই বিএনপির সমর্থক বলে জানা গেছে। বাকি দুজন আওয়ামী লীগ ও একজন স্বতন্ত্র। তবে সংরক্ষিত আসনে বিজয়ী তিনজন নারী কাউন্সিলরই আওয়ামী লীগের সমর্থক বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নয়জন সাধারণ কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে আবুল মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে মজিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান রতন, ৬ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জমান খন্দকার, ৭ নম্বর ওয়ার্ডে আবদুল কাদির ভূঁইয়া, ৮ নম্বর ওয়ার্ডে হাবুল খান ও ৯ নম্বর ওয়ার্ডে আবদুল কাইয়ুম বিজয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র আরও জানা যায়, পৌরসভার ১ নম্বর সংরক্ষিত আসনে মনোয়ারা আক্তার বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনে যথাক্রমে কল্পনা আক্তার ও শাহানাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই কাউন্সিলর নির্বাচিত হন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পৌরসভার নয়টি সাধারণ আসনে বিজয়ী কাউন্সিলরদের মধ্যে ৯ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাইয়ুম ও হাবুল খান আওয়ামী লীগের সমর্থক।