সাধারণ ক্ষমার মেয়াদ চার মাস বাড়িয়েছে সৌদি আরব
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিসহ অবৈধ বিদেশি শ্রমিকদের মর্যাদা সংশোধন বা বৈধতা লাভে পূর্বঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ চার মাস বাড়িয়েছেন দেশটির বাদশাহ আবদুল্লাহ। ঘোষিত সময় অনুযায়ী আগামীকাল ৪ জুলাই ওই ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। খবর ইউএনবির।সৌদি বাদশাহর এক আদেশ উদ্ধৃত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে গতকাল মঙ্গলবার ওই কথা জানানো হয়েছে। বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলেছে, তিন মাস মেয়াদি ওই সাধারণ ক্ষমার মেয়াদ চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, নতুন সময়সীমা পেরিয়ে গেলে সৌদি শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো যথাযথ সব কর্তৃপক্ষ দেশটির বিভিন্ন অঞ্চলে পরিদর্শনকাজ শুরু করবে। একই সঙ্গে যেসব শ্রমিক নিয়ম লঙ্ঘন করবেন, কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে সব রকমের শস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।সৌদি আরবের ইংরেজি ভাষার দৈনিক দ্য আরব নিউজ বলেছে, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় অনিবন্ধিত সব শ্রমিককে নতুন সময়সীমার মধ্যে যত শিগগির সম্ভব তাঁদের মর্যাদা সংশোধন করে নিতে আহ্বান জানাচ্ছে। এতে সাড়া দিতে ব্যর্থ হলে নিয়মানুযায়ী তাঁদের সর্বোচ্চ সাজার মুখোমুখি হতে হবে।সৌদি আরবে আনুমানিক চার লাখ অবৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় আড়াই লাখ শ্রমিক বৈধতা পেতে এরই মধ্যে ওই সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন।