ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কাজ পাইয়ে দিতে সাধারণ ঠিকাদারদের কাছে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ১৩টি হাটবাজারের দরপত্রের শিডিউল বিক্রি করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।পৌরসভার কার্যালয় থেকে জানা গেছে, মার্চের মাঝামাঝি সময়ে প্রথম দফায় দরপত্র আহ্বান করা হয়। ওই সময়ে ১৩টি হাটবাজারের বিপরীতে ২০টি দরপত্র জমা পড়ে। কিন্তু প্রাক্কলিত মূল্যের চেয়ে কম মূল্যের দরপত্র জমা পড়ায় ওই দফায় দরপত্র বাতিল করা হয়। সম্প্রতি দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়। ২৪ মার্চ দরপত্রের শিডিউল ক্রয় ও ২৫ মার্চ জমা দেওয়ার দিন ধার্য ছিল। ওই দিন ১৩টি হাটবাজারের বিপরীতে ১৩টি দরপত্রই জমা পড়ে।ঠিকাদারেরা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কাজ পাইয়ে দেওয়ার জন্য সাধারণ ঠিকাদারদের কাছে দরপত্রের শিডিউল বিক্রি করা হয়নি। এ ব্যাপারে গতকাল বুধবার নগরকান্দার পোড়াদিয়া বালিয়া এলাকার ঠিকাদার মো. সাইদুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফরিদপুর প্রেসক্লাবে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে সাইদুর রহমান বলেন, ‘আমি প্রথম দফার দরপত্রের শিডিউল কিনে জমা দিতে গেলে টেন্ডারবাজরা আমাকে জমা দিতে দেয়নি। দ্বিতীয় দফায় শিডিউল কিনতে গেলে আমাকে তা না দিয়ে পৌর কর্তৃপক্ষ জানায়, শিডিউল বিক্রি করা যাবে না, ওপর মহলের চাপ রয়েছে।’নগরকান্দার মীরাকান্দা মহল্লার ঠিকাদার মুরাদ মাতুব্বর বলেন, তিনি শিডিউল কেনার জন্য পৌরসভায় যান। কিন্তু কিনতে পারেননি। তিনি অভিযোগ করেন, ওপরের নির্দেশ অনুযায়ী দরপত্র শুধু দলীয় নেতা-কর্মীদের দেওয়া হয়েছে। এবং একটি হাটবাজারের ক্ষেত্রে একটিমাত্র দরপত্র জমা দেখানো হয়েছে। দরপত্রে কোনো রকম দুর্নীতি বা অনিয়ম হয়নি দাবি করে এই দরপত্র কমিটির আহ্বায়ক নগরকান্দা পৌরসভার প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ১৩টি হাটবাজারের বিপরীতে ১৩টি দরপত্র জমা পড়েছে। একটি কাজের বিপরীতে একটি দরপত্র জমা পড়লেও তা পিপিআর অনুযায়ী গ্রহণ করা যায় দাবি করে তিনি বলেন, দরপত্র বিক্রি করা হয়নি, এমন অভিযোগ সঠিক নয়।নগরকান্দা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ঊষা মুন্সী বলেন, গত সোমবার জমা পড়া দরপত্র অনুযায়ী কাজ বণ্টন করা হয়েছে। ওপরের নির্দেশ অনুযায়ী দরপত্র বিক্রি করা হয়নি, এমন অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন। তবে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওবায়দুর রহমান বলেন, প্রথমবারে দরপত্র ঠিকমতো বিক্রি করা হয়নি। দুই ব্যক্তির দরপত্র ছিনিয়ে নেওয়া হয়। দ্বিতীয় দফায় রাজনৈতিক নেতার সুপারিশে ১৩ জন মনোনীত ব্যক্তিকে কাজ দেওয়া হয়। পৌরসভার পিয়ন মোসলেমকে দিয়ে পে-অর্ডার কাটিয়ে প্রকৌশলী মেহেদী হাসান নিজেই দরপত্রের শিডিউল পূরণ করে মনোনীত ব্যক্তিদের কাজ পাইয়ে দিয়েছেন।