সাধারণ ঠিকাদারদের বাধা, কাজ পেলেন হুইপের ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর ধারাবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ৬২ লাখ টাকার কাজ পেয়েছেন হুইপ মির্জা আজমের ছোট ভাই মির্জা গোলাম রব্বানী। প্রাথমিকভাবে কাজটি পেয়েই তিনি তা মেজো ভাই মির্জা কবিরের শ্যালক সোহেল তরফদারের কাছে বিক্রি করে দিয়েছেন।
সাধারণ ঠিকাদারদের অভিযোগ, মির্জা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী রব্বানীর বাধার কারণে তাঁরা অনেকেই দরপত্র জমা দিতে পারেননি। এ কারণে খুব সহজেই রব্বানী কাজ পেয়েছেন।
জানতে চাইলে মির্জা গোলাম রব্বানী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো ঠিকাদারকে দরপত্র জমাদানে বাধা দিইনি। ঠিকাদারদের সঙ্গে সমঝোতা করে ৬২ লাখ টাকার কাজ পেয়েছি। পরে তা বড় ভাইয়ের শ্যালকের কাছে বিক্রি করে দিয়েছি।’
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কার্যালয় জানায়, ৬২ লাখ টাকা প্রাক্কলন ব্যয়ে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য গত ২০ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। এ জন্য জামালপুর ও সরিষাবাড়ী এলজিইডি কার্যালয়ে ১৯টি শিডিউল বিক্রি হয়। কিন্তু জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে ক্ষমতাসীন দলের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজমের ছোট ভাই মির্জা গোলাম রব্বানী ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা দেন। পরে মির্জা কনস্ট্রাকশন, সীমান্ত ট্রেডিং ও সাহা এন্টারপ্রাইজ দরপত্র জমা দেয়। গতকাল উপজেলা এলজিইডির কার্যালয়ে দরপত্র যাছাই-বাছাই করে মির্জা কনস্ট্রাকশনকে কাজের অনুমতি দেওয়া হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান বি কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বেলাল হোসেন বলেন, ‘বাধা দেওয়ায় আমি শিডিউল কিনেও দরপত্র জমা দিতে পারিনি।’ একই অভিযোগ করেন মিতু টেডার্সের ঠিকাদার মোস্তাফিজুর রহমান।
যোগাযোগ করা হলে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘দরপত্র যাচাই-বাছাইয়ের পর মির্জা কনস্ট্রাকশনকে কাজের অনুমতি দিতে আগারগাঁওয়ে এলজিইডি কার্যালয়ে পাঠিয়েছি।’
দরপত্র জমাদানে অন্য ঠিকাদারদের বাধা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে প্রকৌশলী বলেন, ‘বুঝেনই তো কাজ কীভাবে পেয়েছে।’