সাধারণ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা উদ্বেগ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক রওনক জাহান
অধ্যাপক রওনক জাহান

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান বলেছেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর না হওয়ায় আগামী সাধারণ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ রয়েই গেছে। তাঁর মতে, নির্বাচন বিষয়ে বেশি মনোযোগ দেওয়ায় গণতন্ত্রের অন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সি মজুমদার মিলনায়তনে ‘বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণে চ্যালেঞ্জ’ শীর্ষক নাজমুল করিম স্মারক বক্তৃতায় রওনক জাহান এসব কথা বলেন। নাজমুল করিম স্টাডি সেন্টার এই বক্তৃতার আয়োজন করে।
রওনক জাহান তাঁর প্রবন্ধে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, নাগরিক ও মৌলিক স্বাধীনতা এবং জবাবদিহি—এই চারটি সূচকের ভিত্তিতে গণতন্ত্রের অগ্রগতি মূল্যায়নের চেষ্টা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এই চারটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এই উপাদানগুলো পরস্পর সম্পর্কযুক্ত। গণতন্ত্রের ভিত গড়ার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে প্রথম পদক্ষেপ। নির্বাচনের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি পছন্দ করার সুযোগ পান। কিন্তু গণতন্ত্রের অন্য তিনটি সূচকের অনুপস্থিতিতে জনগণের সেই পছন্দ অর্থহীন হয়ে যায়।
রওনক জাহান বলেন, ‘আমাদের দেশে তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রতিবারই দেখা যাচ্ছে, যে দল নির্বাচনে হেরেছে, সেই দল ফলাফল মেনে নিতে চায় না। নির্বাচন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। রাজনৈতিক দলগুলোকে খেলতে হবে আইনের অধীনে। কিন্তু আইন সম্পর্কে, রেফারি সম্পর্কে তাদের ঐকমত্য নেই। তারা ফলাফল মেনে নিতে চায় না।’ তিনি বলেন, ভারত ও শ্রীলঙ্কা নির্বাচন কমিশনকে অনেক শক্তিশালী করতে পেরেছে। বাংলাদেশ পারেনি। দেশের মানুষের নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই। যাঁরা ক্ষমতায় থাকছেন, তাঁরা অসম সুবিধা বেশি নিচ্ছেন।
তবে অধ্যাপক রওনক জাহান এটাও বলেন, ভালো হোক মন্দ হোক, দেশে অন্তত নির্বাচন হচ্ছে। গণমাধ্যম, সুশীল সমাজ যথেষ্ট স্বাধীন। তারা যথেষ্ট শক্তিশালী। তবে তার অর্থ এই নয় যে তারা ঝুঁকিমুক্ত।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বাঙালি অধ্যাপক ছিলেন ড. এ কে এম নাজমুল করিম। গতকালের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক নেহাল করিম। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশে একটি অংশ এখনো মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করে। বুদ্ধিজীবীদের নিয়ে প্রশ্ন তোলে। তা হলে রাষ্ট্র একটি প্রক্রিয়ার মধ্যে আসবে কী করে? তিনি বলেন, সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করেই এগিয়ে যেতে হবে।
তার আগে বৈশ্বিক প্রেক্ষাপট বর্ণনা করার সময় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো রওনক জাহান বলেন, পৃথিবীর নতুন যেসব দেশ গণতন্ত্রের পথে পা বাড়িয়েছে, সেসব দেশে হয়তো নির্বাচিত সরকার আসছে। কিন্তু তারা আবার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে খর্ব করে দিচ্ছে। এসব দেশ ধীরে ধীরে অনুদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। লাতিন আমেরিকার অনেক দেশেই বাংলাদেশের মতো নির্বাহী বিভাগের ক্ষমতা বেশি। এশিয়ার দেশগুলোয় নির্বাচনে কালোটাকার ব্যবহারসহ নানা অগণতান্ত্রিক ব্যাপার ঘটছে। আফ্রিকায় বাইরের চাপে নির্বাচন হচ্ছে, সেখানেও ব্যালট বাক্স ছিনতাই হচ্ছে। পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোতেও নির্বাচনে কারচুপি হচ্ছে।