সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্ক যাচ্ছেন। ২২ থেকে ২৮ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে অবস্থান করবেন।
আজ বুধবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য দেন। তিনি জানান, ৫ জানুয়ারির নির্বাচনের পর এই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসছে। সরকারের ভাবমূর্তি উপস্থাপনে এটি একটি সুযোগ।
জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন ছাড়াও প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী, চিলি, কাতার, নেপাল ও বেলারুশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত জলবায়ু সম্মেলনে ২৩ সেপ্টেম্বর, বৈশ্বিক শিক্ষা নিয়ে ২৪ সেপ্টেম্বর, শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে সম্মেলনে ২৬ সেপ্টেম্বর অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতিসংঘে বাংলাদেশের ৪০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও তাঁর বক্তৃতা করার কথা রয়েছে।
প্রতিনিধিদলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম থাকছেন।