আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার নিউইয়র্কে পৌঁছেছেন। গতকাল স্থানীয় সময় সকাল আটটা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে তিনি নয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে এসেছেন।প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিমানবন্দরের বাইরে জড়ো হন। দলীয় নেত্রীকে স্বাগত জানিয়ে তাঁরা স্লোগান দেন। অদূরে বাস বোঝাই করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন। তাঁরা বিরোধী দলের ওপর দমন-নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেন।উভয় পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে জেএফকে বিমানবন্দরে উত্তজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দুই পক্ষের মাঝে নিরাপত্তারক্ষীরা অবস্থান নেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির বিক্ষোভে নেতৃত্ব দেন আবদুল লতিফ, জিল্লুর রহমান, গিয়াস আহমেদ, আখতার হোসেন, বেলাল মাহমুদ প্রমুখ।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি এম এ মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান, সাজ্জাদুর রহমান, নিজাম চৌধুরী, সৈয়দ বসারত আলী, শাসমুদ্দিন আজাদ, প্রদীপ রঞ্জন করসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।কঠোর নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে ম্যানহাটনের গ্রান্ড হায়াত হোটেলে পৌঁছান। নিউইয়র্কে তিনি ব্যস্ত সময় কাটাবেন। আজ সোমবার সকালে ‘আইনের শাসন’বিষয়ক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর কর্মসূচি শুরু করবেন। সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্রনেতাদের মধ্যে প্রথম বক্তা হিসেবে শেখ হাসিনা বক্তব্য দেবেন।আজ বিকেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ‘অংশীদারি সমতার ভিত্তিতে ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। একই দিন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার রাষ্ট্রনেতাদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।ইতিমধ্যে সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্রনায়কেরা নিউইয়র্ক এসে পৌঁছেছেন। একই সময় নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’-এর সভা। বিশ্বের অনগ্রসরতা দূরীকরণে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের এ উদ্যোগ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বারাক ওবামা, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনিসহ সারা বিশ্ব থেকে নিউইয়র্কে জড়ো হওয়া রাষ্ট্রনেতারা ক্লিনটনের সম্মেলনে যোগ দিচ্ছেন। এ ছাড়া সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ইউনূস সেন্টারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে। তিন দিনব্যাপী ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সভা বুধবার শেষ হবে।