সাধারণ বালু, সিলিকা বালু ও ইজারা-বাণিজ্য
পরিবেশ রক্ষার স্বার্থে হবিগঞ্জের চা-বাগানের ভেতরের বালু মহালগুলোর ইজারা না দিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জেলা প্রশাসনের কোনো মতামত না নিয়েই এসব মহালকে সিলিকা বালুর মহাল দেখিয়ে গেজেটভুক্ত করেছে। এতে বিপাকে পড়েছে জেলা প্রশাসন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের এ-সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত ও ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাগান এলাকার বালুমহালের ইজারা দেওয়া বন্ধ রাখা হয়েছে। নতুন করে ইজারা দেওয়া হবে না। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিবেশের কথা বিবেচনায় না নিয়ে ওই সব মহাল নতুন করে ইজারা দেওয়ার জন্য রাজধানীতে বসে সাধারণ বালুকে সিলিকা বালু দেখিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাদের উচিত ছিল এর আগে সরেজমিনে বিষয়টি যাচাই করা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ২৪টি চা-বাগান রয়েছে। এর মধ্যে আটটির ভেতর বালুমহাল আছে। এগুলো হচ্ছে তেলিয়াপাড়া চা-বাগান ছড়া বালুমহাল, জগদীশপুর-চা-বাগান ছড়া বালুর মহাল, সুরমা চা-বাগানের কিবরিয়াবাদ বালুর মহাল, দারাগাঁও চা-বাগানের লাউছড়া বালুমহাল, রামগঙ্গা-চন্ডিছড়া বালুমহাল, সাতছড়ি বালুমহাল, আমতলী-ফয়জাবাদ বালুমহাল ও রশিদপুর চা-বাগানের কামাইছড়া (খ) বালুমহাল। ২০১১ সালের ৯ আগস্ট চা-শিল্প ও পরিবেশ রক্ষার স্বার্থে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শামসুল আরেফীন স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রশাসনকে উল্লিখিত বালুমহালগুলো দরপত্র বা ইজারা বন্ধ রাখার নির্দেশ দেন। এরপর জেলা প্রশাসন ২০১২ ও ২০১৩ সালে এসব মহাল ইজারা দেওয়া বন্ধ রাখে।
এদিকে ২০১৩ সালের ২৫ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তেলিয়াপাড়া চা-বাগান ছড়া বালুমহাল, জগদীশপুর-চা-বাগান ছড়া বালুমহাল, সুরমা চা-বাগানের কিবরিয়াবাদ বালুমহাল, দারাগাঁও চা-বাগানের লাউছড়া বালুমহাল ও রামগঙ্গা-চন্ডিছড়া বালুমহালকে সিলিকা বালুমহাল দেখিয়ে প্রজ্ঞাপন জারি করে।
সদ্য বদলি হওয়া হবিগঞ্জের জেলা প্রশাসক মণীন্দ্র কিশোর মজুমদার গত বছরের ২৮ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়ে জানান, এসব মহালের বালু সাধারণ। খনিজ সম্পদ মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারির আগে জেলা প্রশাসনের কোনো মতামত নেয়নি বা বিষয়টি জানায়নি।