সাধারণ মানুষকে শিক্ষক মনে করতেন সরদার ফজলুল করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, সরদার ফজলুল করিম সাধারণ মানুষকে শিক্ষক বিবেচনা করতেন। তিনি নিজের মতো করে ভাবতেন আর সবাইকে তাঁদের নিজেদের মতো করে ভাবার অনুপ্রেরণা দিতেন।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সরদার ফজলুল করিমের ৯১তম জন্মদিনকে উপলক্ষ করে এক অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। সরদার ফজলুল করিম স্মৃতি পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে। সরদার ফজলুল করিম ১৯২৫ সালের ১ মে জন্মগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সরদার ফজলুল করিম রিকশায় যাতায়াত করতেন রিকশাচালকের সঙ্গে কথা বলার জন্য। যখন যেখানে গেছেন দোকানি, বিশ্ববিদ্যালয়ের দারোয়ান, মালী সবার সঙ্গে কথা বলতেন। তিনি শিক্ষাটাকে শ্রেণিকক্ষে সীমাবদ্ধ বলে মনে করতেন না।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জনগণের কাছে শেখা ও জনগণকে শেখানোর বিষয়ে মূর্ত প্রতীক হয়ে আছেন সরদার ফজলুল করিম। নিজে অধ্যয়ন করেছেন, অন্যের অধ্যয়নের জন্যও অনেক কিছু রেখে গেছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, যখন সারা বিশ্বে সমাজতন্ত্র বিপন্ন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, সবাই যখন হতাশার সাগরে নিমজ্জিত, তখন সরদার ফজলুল করিমই বলেছিলেন, সমাজতন্ত্র বিপন্ন হলেও এর মৃত্যু হবে না।
দর্শন বিভাগের অধ্যাপক গালিব আহসান খান বলেন, সরদার ফজলুল করিমের সবচেয়ে বেশি অনুপ্রেরণার দিক হচ্ছে তাঁর জ্ঞান। তিনি নিজে আলোর অভাবে থেকে সভ্যতাকে যে আলো দিয়ে গেছেন, তা এখনো রয়ে গেছে। ভবিষ্যৎ প্রজন্মও এই আলোয় আলোকিত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরদার ফজলুল করিমের বন্ধু পূর্ণচন্দ্র দে, জামাতা শাকিল আকতার, সুহৃদ সুলতানা আবু জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমউদ্দিন খান, সাংবাদিক মশিউল আলম প্রমুখ।