প্রত্যন্ত এলাকার অবহেলিত মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলুক প্রথম আলো। ব্যক্তি মানুষের সাফল্যের কাহিনি, কৃষি ও কৃষকের কথা বেশি করে তুলে ধরুক। আর বরাবরের মতো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকুক দেশের সর্বাধিক প্রচারিত এই দৈনিকটি।
গতকাল বৃহস্পতিবার পাবনার বেড়া পৌরসভা মিলনায়তনে প্রথম আলো মুখোমুখি হয়েছিল এলাকার সর্বস্তরের মানুষের। সেখানে তাদের মুখেই উঠে এসেছে এই প্রত্যাশার কথা।
‘পরিবর্তনের ধারায় আগামীর পথে একসঙ্গে আপনাদের পাশে’—এই প্রতিপাদ্য নিয়ে প্রথম আলো প্রান্তিক এলাকার মানুষের কাছে গিয়ে তাদের মুখ থেকে তাদের সমস্যা-সম্ভাবনার কথা শোনার উদ্যোগ নিয়েছে। সকালে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান স্থানীয় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল চারটায় ছিল মুক্ত আলোচনা। গত মঙ্গলবার পাবনায়, বুধবার ঈশ্বরদী উপজেলায় গোলটেবিল বৈঠক ও মুক্ত আলোচনার আয়োজন করেছিল প্রথম আলো।
আধুনিক স্থাপত্যরীতির চমৎকার পাঁচতলা ভবনে বেড়ার পৌরসভা কার্যালয়। চতুর্থ তলায় বিশাল মিলনায়তন। শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষের সমাগমে মিলনায়তনটি ভরে গিয়েছিল আলোচনার শুরুতেই। প্রথম আলোর বেড়া প্রতিনিধি বরুন রায় তাঁদের স্বাগত জানান। আয়োজনের সঞ্চালনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, প্রথম আলো মুক্তিযুদ্ধের চেতনায় একটি মানবিক সমাজরাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রগতির দিকে বাংলাদেশের মানুষের সকল উদ্যমে পাশে থেকে উৎসাহিত, অনুপ্রাণিত করতে সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, রাজধানী থেকে দূরবর্তী এলাকার মানুষের অনেক সমস্যা, অভিযোগ আছে। যথাযথ জায়গায় তাঁরা সে কথা তুলে ধরতে পারেন না। প্রথম আলো সেই সব কথা শুনতে এসেছে। পাশাপাশি প্রথম আলোর কাছে তাঁরা কী চান, তা জানতে এই আয়োজন।
অনুষ্ঠানে পৌরসভার মেয়র আবদুল বাতেন বলেন, পত্রিকা উন্নয়নের পথকে প্রশস্ত করে দিতে পারে। তিনি উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় বাজেটের বরাদ্দে গ্রাম ও শহরের বিভেদ-বৈষম্য দূর করার দাবি জানান। তিনি বলেন, প্রান্তিক এলাকাগুলোর মেয়র, চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা সহজ। কিন্তু তাঁদের এলাকার জন্য যে সামান্য অর্থ বরাদ্দ দেওয়া হয়, তার চেয়ে শতগুণ বেশি বরাদ্দ থাকে সরকারের বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের জন্য। অথচ তাঁদের কর্মকাণ্ড নিয়ে তেমন প্রশ্ন ওঠে না। তিনি এ ধরনের আয়োজনের জন্য প্রথম আলোকে অভিনন্দন জানান।
উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের আবেগময় বক্তৃতায় প্রথম আলোকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানাতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইজউদ্দিন বেড়ার নদীভাঙনের বিষয়টি তুলে ধরে বলেন, বহু গ্রাম নদীতে বিলীন হয়েছে। পরে চর জেগেছে। লোকবসতি গড়ে উঠেছে। কিন্তু সেই চরগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এটা শিক্ষাক্ষেত্রে একটি বড় সমস্যা। তিনি চরগুলোতে জরুরি ভিত্তিতে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বেড়ায় বাল্যবিবাহের হার বেশি। এই সমস্যার পাশাপাশি রয়েছে মাদক ও নদীভাঙনের সমস্যা। তিনি সমস্যার সংবাদের পাশাপাশি উন্নয়মূলক কর্মকাণ্ডের খবরও গুরুত্ব দিয়ে প্রকাশের পক্ষে মত দেন।
মুক্ত আলোচনায় প্রথম আলোর আয়োজনে নিয়মিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা করা, ‘পড়াশোনা’ পাতায় সৃজনশীল পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত এবং মডেল টেস্ট বাড়ানোর দাবি আসে শিক্ষার্থী ও শিক্ষকদের কাছ থেকে।
কৃষক ও দুগ্ধ খামারিরা বলেছেন, কৃষি সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করা, ফল ও সবজিতে ক্ষতিকর কীটনাশকের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির জন্য নিয়মিত লেখালেখি প্রয়োজন।
সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীরা বলেছেন, গ্রামের প্রতিভার মূল্যায়ন করা হয় না। মফস্বলের লেখকদের লেখা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর জাতীয় পত্রিকাগুলো গুরুত্ব দিয়ে ছাপে না। ফলে গ্রামের মানুষেরা প্রতিভা থাকলেও তা বিকাশে তাঁরা সমান সুযোগ পান না।
সমাজকর্মীরা বলেছেন, কৃষক-শ্রমিকসহ সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খবরকে গুরুত্ব দিতে হবে। মাদক প্রসঙ্গে তাঁরা বলেছেন, শুধু অভিযান যথেষ্ট নয়। আবার যেসব মাদক উদ্ধার বা আটক করা হয়, তার সব ধ্বংস করা হয় কি না, তা জানা যায় না।
দুগ্ধ খামিররা বলেছেন, বেড়া দেশের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী এলাকা। কিন্তু দুগ্ধ খামারিদের উন্নয়নে কোনো সরকারি পদক্ষেপ নেওয়া হয়নি। গো-খাদ্যের দাম ক্রমেই বাড়ছে। খামারিরা লোকসানে পড়েছেন। আলোচনায় দেশকে এগিয়ে নিতে সবাই মিলে একত্রে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরলেন তাঁরা।
আলোচনায় অংশ নেন আবু সাঈদ, এস এম শরিফুল ইসলাম, সামিয়া জামান, আবুল হোসেন, নজরুল ইসলাম, আবদুল হান্নান, জিয়া উদ্দিন, আম্বিয়া আক্তার, আবদুল আজিজ মোল্লা, আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক প্রমুখ।
মাহমুদুজ্জামান বাবুর গান: অনুষ্ঠানের শুরু ও শেষে শিল্পী মাহমুদুজ্জামান বাবু ‘মৃত্তিকা’, ‘আমি বাংলার গান গাই’ এবং জোয়ান বায়েজের ‘বাংলাদেশ বাংলাদেশ’—এই গানগুলো গেয়ে শোনান।
শিক্ষকদের সঙ্গে মতবিনিময়: সকালে পৌর ভবনের সম্মেলনকক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। শিক্ষকেরা এলাকার শিক্ষা সমস্যা, নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বন্ধ করা, পদোন্নতি না হওয়া, বিদ্যালয়ে বিজ্ঞানাগার না থাকাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাঁরা বলেন, বেড়ায় শিক্ষার্থীদের অনুপাতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সংখ্যা বেশ কম।
শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন আবদুস সোবহান সরকার, মাহফুজা খাতুন, সানজিদা আক্তার, গিয়াস উদ্দিন, মাহাবুব হোসেন, মোক্তার হোসেন, মো. মহিউদ্দিন, শাহাদত হোসেন, আবু সাঈদ, আবুল কালাম আজাদ প্রমুখ।