চট্টগ্রামের সাতকানিয়ায় মাকে নিয়ে রিকশাভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন আসবাবের দোকানের তরুণ কর্মচারী মোহাম্মদ সাহেদ। অবরোধকারীরা ককটেল ছুড়ে মারলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান সাহেদ। অবরোধের দ্বিতীয় দিন বুধবার রাতের ঘটনা এটি।
অবরোধের প্রথম দিন কুমিল্লার লাকসামে ওষুধ নিয়ে ফেরার পথে মারা যান রিকশাচালক বাবুল মিয়া। আর গতকাল রাজধানীর শাহবাগে বাসে আগুন দিয়ে পুড়িয়ে দগ্ধ করা হয় ১৯ যাত্রীকে।
বিরোধী দলের তিন দিনের অবরোধ কর্মসূচিতে যে ২০ জন মারা গেছেন, তাঁদের মধ্যে ১৪ জনই সাধারণ খেটে খাওয়া মানুষ। অবরোধ চলাকালে জীবিকার তাগিদে তাঁরা বের হয়েছিলেন। অন্য পাঁচজনের মধ্যে তিনজন আওয়ামী লীগের, একজন বিএনপির ও একজন জামায়াতের কর্মী। অবরোধের প্রথম দুই দিনেই মারা যান ১৮ জন, দুই জন মারা যান গতকাল।
সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ১১ মাসে এ নিয়ে প্রাণ হারালেন ৩৪৭ জন। এর মধ্যে শুধু হরতাল এবং অবরোধ কর্মসূচিতেই মারা গেছেন ১৯৬ জন। ২৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত এক মাসে মারা গেছেন ৫৮ জন। হরতালের আগুন, পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণে ১৫ শিশুসহ ১০৯ জন আহত হয়েছেন। হতাহতদের বেশির ভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং পুলিশের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সাম্প্রতিক রাজনৈতিক হানাহানিতে সাধারণ মানুষ কেন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে? এ প্রশ্ন সবার। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি এখন কোনো ব্যক্তি বা দলের ক্ষমতায় আরোহণের সিঁড়ি হয়ে গেছে। আমরা দেখছি রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষ বারবার প্রাণ দিচ্ছেন। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। কোনো সভ্য সমাজে এটি চলতে পারে না। রাজনৈতিক এ সহিংসতা বন্ধ করতেই হবে।’
মিজানুর রহমান আরও বলেন, ‘রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কিন্তু যে রাজনীতি মানুষের নিরাপত্তা দিতে পারে না, উল্টো মানুষের প্রাণহানি ঘটায়, সে রাজনীতির বিরুদ্ধে আমাদের সবার সরব হতে হবে।’
প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পর আড়াই হাজারের বেশি মানুষ রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন। এঁদের একটি বড় অংশই সাধারণ মানুষ।
অবরোধের দ্বিতীয় দিনে নিহত চট্টগ্রামের পটিয়ার ফকিরনিরহাট এলাকার এরশাদ আলী (২৬) টেম্পোচালক ছিলেন। এরশাদ আলীর ভাগনে তৈয়ব আলী জানান, গাড়ি নিয়ে বের না হলে খাবার জোটে না। তাই বুধবার সকালে টেম্পো নিয়ে বের হন তাঁর মামা। কিন্তু ফেরেন লাশ হয়ে। এর আগে অবরোধের প্রথম দিনে ফেনীতে নিহত দুলাল মিয়া ছিলেন অটোরিকশাচালক। অবরোধকারীদের ককটেল বিস্ফোরণে তিনি মারা যান। অবরোধে ঢাকার রামপুরায় অগ্নিদগ্ধ হয়ে লেগুনাচালক মোহাম্মদ মোজাম্মেল ঢাকা মেডিকেল কলেজ হাপাতালের বার্ন ইউনিটে মারা যান। মোজাম্মেলের ফুফু সাজেদা বলেন, ‘এবার রাজনীতিবিদদের কন, তারা যেন আমাদের সবার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’
২৬ অক্টোবর রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধে বাসে দেওয়া আগুনে ঝলসে যায় পোশাককর্মী নাসিমার শরীর। বার্ন ইউনিটে ১৪ নভেম্বর মারা যান তিনি। নাসিমার মা জহুরা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, ‘মোগো গরিবগো মাইররা যারা রাজনীতি করে, ও আল্লাহ তুই তাগো বিচার করিস।’
হরতালের আগের দিন ৩ নভেম্বর রাতে সাভার সেনানিবাস এলাকায় যাত্রীবাহী অটোরিকশায় পেট্রলবোমা ছুড়লে অগ্নিদগ্ধ হন চালক আসাদুল গাজী, সাধারণ যাত্রী মোস্তাফিজুর রহমান ও হাসু আহমেদ। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আনার পর ওই রাতেই মারা যান মোস্তাফিজুর। তাঁর স্ত্রী বিনা বলেন, ‘ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় ছিল না। এখন দুই সন্তান নিয়ে তিনি কী করবেন জানেন না।
১৫ নভেম্বর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসাদুল গাজী। স্ত্রী মর্জিনা বলেন, ‘দুই সন্তানরে মানুষ করমু এখন কীভাবে?’ ১৫ নভেম্বর সকালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন অগ্নিদগ্ধ সোনার দোকানের কারিগর মন্টু পাল। ১০ নভেম্বর সূত্রাপুর থানার লক্ষ্মীবাজারে লেগুনায় পেট্রলবোমায় ঝলসে গিয়েছিল মন্টুসহ পাঁচজনের শরীর।
হরতালের দিন ৪ নভেম্বর গাজীপুর চান্দনা চৌরাস্তায় রমজান আলীর ভ্যানে আগুন দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয় ঘুমন্ত ছেলে মনির হোসেন। ৭ নভেম্বর ভোর চারটায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায় সে।
তিন দিনের অবরোধের প্রথম দিনেই কুমিল্লার লাকসামে প্রাণ হারান রিকশাচালক বাবুল মিয়া। রাস্তা থেকে তাঁর লাশ নেওয়ার সময় আরেক রিকশাচালক আবদুল হক কাঁদছিলেন। তাঁর উক্তি, ‘রাজনীতি নিরীহ মানুষটার জীবন কাড়ি নিল। এই রাজনীতিরে থুতু দেই।’
বিএনপি বর্তমানে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। এ আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটছে। এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামী লীগও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে। ১৯৯৬ সালের ৭ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত সময়ে ২১ দিন হরতাল করেছে আওয়ামী লীগ। ১৯৯৬ সালে বিএনপি একতরফা নির্বাচন করার সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগ প্রথমে সেই নির্বাচন প্রত্যাখ্যান করে। নির্বাচনের তফসিল ঘোষণার পর ৮ ও ৯ জানুয়ারি আওয়ামী লীগ ৪৮ ঘণ্টার হরতাল ডাকলেও তা উপেক্ষা করেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ করে বিএনপি। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ও নির্বাচন প্রতিহতের ঘোষণা দেয় আওয়ামী লীগ। তার পরও নির্বাচন করে বিএনপি। এরপর ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় তিন দিনের অসহযোগ। এরপর ৯ মার্চ থেকে বিএনপি সরকারের পতন না হওয়া পর্যন্ত লাগাতার অসহযোগ আন্দোলন শুরু করে আওয়ামী লীগ। টানা ১৭ দিন পর ১৯৯৬ সালের ২৬ মার্চ খালেদা জিয়া সংসদে নির্দলীয় সরকারের বিল পাসের পর অসহযোগ আন্দোলন শেষ হয়। টানা এ আন্দোলন চললেও ১৯৯৬ সালে রাজনৈতিক সহিংসতা এত ভয়াবহ ছিল না। ওই এক বছরে রাজনৈতিক সহিংসতায় মারা যান ৪৯ জন। প্রেস ইনস্টিটিউট ও ওই সময়ের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
২০০১ সালের নির্বাচনের আগে কোনো দাবিদাওয়া নিয়ে আন্দোলন হয়নি। তবে ২০০৬ সালে নির্বাচনের আগে আওয়ামী লীগ সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে প্রত্যাখ্যান এবং নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে আন্দোলন করে। ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি সরকারের শেষ দিনে ঢাকায় সহিংসতায় ১১ জন প্রাণ হারান। একপর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এরপর দেশে জরুরি অবস্থা জারি হয়। নির্বাচন হয় ২০০৮ সালের ডিসেম্বরে। এ সময় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। কিন্তু ২০১৪ এর নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করাকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, রাজনৈতিক সহিংসতায় যাঁরা মারা যান, তাঁদের বেশির ভাগই সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার কিংবা ক্ষমতা টিকিয়ে থাকার রাজনীতির কারণে সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়। যে পরিবারগুলো স্বজন হারায়, তারাই জানে এর কষ্ট। এর দায়দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর বর্তায়।