সাধারণ মানুষের জীবন বাঁচাতে জঙ্গিবাদ প্রতিরোধের বিকল্প নেই

জঙ্গিবাদের কবলে পড়ে যাঁরা জীবন হারিয়েছেন তাঁদের অধিকাংশই সাধারণ মানুষ। সাধারণ মানুষের জীবন বাঁচাতেই জঙ্গিবাদ প্রতিরোধের কোনো বিকল্প নেই। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আলোচকেরা এমন মন্তব্য করেন।
নূহ-উল-আলম-লেনিন রচিত ‘রাজনৈতিক ইসলামের বিশ্বায়ন ও জঙ্গিবাদের উত্থান: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির প্রকাশক শ্রাবণ প্রকাশনী।
অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, লেখক বইটিতে তাত্ত্বিক দিকের পাশাপাশি বাস্তব তথ্যও তুলে ধরেছেন। বিশেষ করে বাংলাদেশ পরিপ্রেক্ষিতে সামরিক শাসকেরা কীভাবে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করেছে সেটা সবার কাছে পরিষ্কার। তিনি বলেন, ’৭৫ পরবর্তী সামরিক সরকার তাদের শাসনকে বৈধতা দিতে ধর্মকে ব্যবহার করেছে। তার পরের সামরিক সরকার ইসলামকে রাষ্ট্রধর্ম করেছে। সামরিক শাসন পরবর্তী বিএনপি জামায়াত জোট সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে নানা জঙ্গি গোষ্ঠীর উদ্ভব হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ধর্ম নিয়ে বিশ্বরাজনীতির নানা দিক তুলে ধরেন। বইটির বিভিন্ন অংশ থেকে লেখকের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, গবেষণাভিত্তিক এ বইটি পড়লে জঙ্গিবাদের বিস্তার প্রসঙ্গে নানা দিক সবার কাছে পরিষ্কার হবে। ভোটের রাজনীতিতে ধর্মের অপব্যবহার, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষতার চর্চা প্রসঙ্গে বইটিতে লেখকের বিশ্লেষণ ও পর্যবেক্ষণের প্রশংসা করেন মাহ্ফুজ আনাম।
বইয়ের লেখক নূহ-উল-আলম-লেনিন বইয়ের নানা দিক তুলে ধরেন। জঙ্গিবাদ প্রতিরোধের বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, ধর্ম নিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে তা দুর করতে হবে।
আলোচনায় আরও অংশ নেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মো. আব্দুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ, শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসান প্রমুখ।