‘আমরা যে এই দেশের নাগরিক, তা কেউ গণ্যই করে না। এক মাস হলো ব্যবসা-বাণিজ্য নাই। চলাফেরা করতে হচ্ছে জীবন হাতে নিয়ে। এ রকম আতঙ্কের মধ্যে থাকা যায় না। মনে হয় দেশ ছেড়ে চলে যাই। কিন্তু আমাদের মতো মানুষের সেই উপায়ও নাই।’ কথাগুলো বলছিলেন নয়াপল্টনের সিটি হার্ট শপিং সেন্টারের পোশাকের দোকান ইকরা ইন্টারন্যাশনালের বিক্রয় ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান।
অনেক বড় দোকান। থরে থরে নানা রকম পোশাক সাজানো। গতকাল বুধবার বিকেলে যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন পুরো শপিং সেন্টারটিরই প্রায় খাঁ খাঁ অবস্থা। তাঁদের দোকানেও ক্রেতা নেই। সিদ্দিক জানালেন, শীতের এই মৌসুমে প্রতিদিন ১০ হাজার থেকে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। হরতাল-অবরোধ শুরুর পর, এক মাস ধরে দিনে ১০ হাজার টাকাও বিক্রি হয় না। কোনো কোনো দিন এমনও গেছে, বিক্রিই হয়নি। তিনি ক্ষোভের সঙ্গে বললেন, ‘এই অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে সরকারকেই দায়িত্ব নিতে হবে।’
এক মাস হয়ে গেল বিএনপি-জামায়াতে ইসলামীর আহ্বানে হরতাল-অবরোধের। দেশের মানুষ কার্যত অবরুদ্ধ অবস্থায়। তার ওপর যানবাহনে আচমকা পেট্রলবোমা হামলা জনজীবন নিরাপত্তাহীন করে তুলেছে। গতকাল ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে দেখা গেল, প্রচণ্ড আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে সবার মনে। ব্যবসা-বাণিজ্য, লেনদেনে স্থবিরতা নেমে এসেছে। নতুন বছর শুরু হলেও ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। জরুরি প্রয়োজন হলেও লোকজন রাজধানী থেকে বাইরে যেতে পারছেন না। ঢাকার ভেতরেও চলাচল করতে হচ্ছে ভয়ে ভয়ে। এই অচলাবস্থায় অত্যন্ত ত্যক্ত-বিরক্ত তাঁরা।
মতিঝিলের অফিস পাড়ায় গতকাল বিকেলে অফিস ছুটির পর বাসায় ফেরার জন্য রিকশার অপেক্ষা করছিলেন খিলগাঁওয়ের জান্নাতুল ফেরদৌস। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। দুই বোন। গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। জানালেন, ছোট বোনকে সঙ্গে নিয়ে তাঁর বৃদ্ধ মা আমিনা বেগম গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় এসেছেন চিকিৎসার জন্য। দেশের যে অবস্থা তাতে তাদের গ্রামের বাড়িতে পাঠাতে ভরসাই পাচ্ছেন না।
মালিবাগ চৌধুরীপাড়ার পোশাকশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী জামিউল হাসান সমস্যায় পড়েছেন ছেলে দাইম হাসানের পড়ালেখা নিয়ে। সে গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলের ছাত্র। সামনে মার্চ মাসে চূড়ান্ত পরীক্ষা। স্কুলে ক্লাস হচ্ছে না। নির্ভর করতে হচ্ছে কোচিংয়ের ওপর। কোচিংগুলোর কোনোটি গুলশানে, কোনোটি আবার ধানমন্ডিতে। ভাঙচুরের কবলে পড়ার ভয়ে নিজের গাড়ি বের করতে পারছেন না। ট্যাক্সি-স্কুটারেও যেতে হচ্ছে প্রচণ্ড আতঙ্ক নিয়ে। উপরন্তু বাড়তি খরচ তো আছেই। তাঁর মন্তব্য হলো, ‘সরকারকেই শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। নাগরিকদের জীবনের নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। যারা নির্বাচনে না গিয়ে আন্দোলনের নামে বোমাবাজি করবে, সাধারণ মানুষকে কেন তার শিকার হতে হবে।’ তিনি জানালেন, ইংরেজি মাধ্যম স্কুলগুলোর শিক্ষার্থীদের সমস্যা বাংলা মাধ্যমের চেয়ে তুলনামূলক বেশি। তাঁর ভাষায় ‘শিক্ষার্থী ও অভিভাবকদের ত্রাহি’ অবস্থা। কারণ ইংরেজি মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালিত হয় ‘জুন থেকে জুন’ হিসেবে। সামনেই চূড়ান্ত পর্বের পরীক্ষা। স্কুলগুলোতে শিক্ষার্থীরা আসতে পারছে না। শিক্ষকেরা অভিভাবকদের ডেকে ছাত্রদের দুই দিন, তিন দিন বা এক সপ্তাহের বাড়ির কাজ দিয়ে দিচ্ছেন। পাঠ্যক্রম শেষ করতে শিক্ষার্থীরা হিমশিম খেয়ে যাচ্ছে।
বাংলা মাধ্যমেও সমস্যা একেবারে কম নয়। বছরের শুরু বলে জানুয়ারিতে পড়ার চাপ কিছুটা কম থাকে বটে, তবে স্কুলের ওপরের দিকের ক্লাসগুলোতে টানা পুরো মাস ক্লাস না হওয়ায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন, বছর শেষে পাঠক্রম শেষ হবে কি না, তা নিয়ে। ছেলে-মেয়েদের পড়ালেখার এই সমস্যা প্রতিটি ঘরেই। মতিঝিলের এস বি ট্রেডার্সের জামাল উদ্দিন জানালেন, তাঁর ছেলে এবার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে উঠেছে। এ বছর তার জেএসসি পরীক্ষা। বছরের শুরু থেকেই প্রস্তুতি নিতে হবে ভালো ফল করার জন্য। কিন্তু জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারিরও প্রথম সপ্তাহ যাচ্ছে, ক্লাসই শুরু হয়নি। ওদিকে তাঁর নিজের ব্যবসাতেও মন্দা। দিনে দিনে কঠিন হয়ে উঠেছে সংসার, কর্মচারীদের বেতন, ব্যবসা—এসব চালিয়ে নেওয়া।
মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা প্রচণ্ড। ব্যাংকঋণের চাপ, জীবনযাত্রার খরচ মেটানো—এসব সামলাতে হয় অনেকটাই নির্ধারিত আয়ের ওপর। হুটহাট করে যেমন তাঁদের বড় মুনাফাও হয় না, তেমনি ব্যবসা ঠিকঠাকমতো চললে তেমন বড় ক্ষতির মুখেও পড়তে হয় না। আয়ের একটি মোটামুটি স্থিতাবস্থা বজায় থাকে। কিন্তু একটানা এই অচলাবস্থায় অনেকেরই ব্যবসা হুমকির মুখে পড়েছে। পুরানা পল্টনের দ্য বেস্টলাইন করপোরেশনের আসাদুজ্জামান এ কথা উল্লেখ করে জানালেন, তিনি গুঁড়া দুধ, শিশুখাদ্য ও মোটরের যন্ত্রাংশ, সাজসজ্জার জিনিসপত্র আমদানি করেন। লোকে পথে গাড়ি নামাতে ভয় পাচ্ছেন। ফলে তাঁর ব্যবসায়ে প্রায় ধস নামার উপক্রম। এর মধ্যে আবার ব্যাংকে টাকা লেনদেনেও সমস্যা হচ্ছে। কয়েক দিন থেকে ব্যাংকে এক লাখ বা তার বেশি টাকা জমা দিতে গেলেই জাতীয় পরিচয়পত্র, চালানের কপিসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করতে হচ্ছে। এলসি ভাঙাতেও সমস্যা হচ্ছে। অনেক ব্যাংক নিতে চাচ্ছে না। একদিকে ব্যবসায় মন্দা, তার ওপর লেনদেনের এই জটিলতায় বাড়তি দুর্ভোগে পড়তে হচ্ছে।
ফুটপাতের বিক্রেতাদের অবস্থা আরও খারাপ। সারা ঢাকা শহরের ফুটপাতজুড়েই হরেক রকম পণ্যের পসরা বিছিয়ে অল্প পুঁজির বহু লোক জীবিকা নির্বাহ করে থাকেন। তাঁদের বিক্রিবাট্টা অর্ধেকেরও নিচে নেমে গেছে। মালিবাগ মোড়ের ফুটপাতের পোশাকবিক্রেতা রাকিব উদ্দিন জানালেন, প্রতিদিন যেখানে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতেন, সেখানে এখন পাঁচ শ থেকে এক হাজার টাকা বিক্রি করতেই ‘ঘাম ছুটে যাচ্ছে’। আয়ে টান পড়ায় কঠিন হয়ে উঠেছে তাঁদের সংসার চালানো। এই অবাঞ্ছিত পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চান—এটিই এখন তাঁদের প্রধান চাওয়া।