সাধারণ মানুষের মধ্যে শান্তি বিরাজ করছে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নশীল গণতান্ত্রিক দেশ। বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনা ও বলিষ্ট নেতৃত্বে সকল ক্ষেত্রে সফলতা নিয়ে এদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের সাধারণ মানুষের মধ্যে শান্তি বিরাজ করছে।’
আজ শুক্রবার বিকেলে সিলেটের শহীদ সুলেমান হলে জাতীয় শোক উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের ‘বজ্রকণ্ঠের প্রতিধ্বনি’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ, ভাষা নিয়ে আমরা গর্বিত। আমরা সে দেশের মানুষ যেখানে সবধর্মের মানুষ সমান অধিকার পায়। সুখি, সমৃদ্ধ, শান্তিপ্রিয় বাংলাদেশ প্রতিষ্ঠা করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। এদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করার জন্যই দেশদ্রোহী ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে তারা হত্যা করতে পারেনি। যার ফলে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে।’
বর্তমান সরকারের আমলেই বাংলাদেশে গণতন্ত্রের ভীত অত্যন্ত শক্তিশালী হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে দেশের সবকটি নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ হলো কোনো অগণতান্ত্রিক শক্তি যাতে কখনো গণতান্ত্রিক ধারার ওপর হামলা করতে না পারে। হঠাত্ করে কেউ এসে যাতে ক্ষমতা নিতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে।

অর্থমন্ত্রী বাংলাদেশকে পোশাক শিল্পে বিশ্বের দ্বিতীয় রপ্তানিমুখী দেশ উল্লেখ করে বলেন, ‘বিশ্ববাজারে এর বিকাশের আরও বেশি সুযোগ আছে। দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বর্তমানে ছয় দশমিক দুই শতাংশ রয়েছে।’ চলতি অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবির, মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ বক্তব্য দেন।