সাধারণ মানুষের মৃত্যু আমাকে খুব পীড়া দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) বলেছেন, ‘আমরা এখন একটা ক্রুশিয়াল টাইমে যাচ্ছি। এই মুহূর্তে সাধারণ মানুষের চলাফেরা, নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পত্রিকা, টেলিভিশনের নিউজে দেখি সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে। এটা আমাকে খুব পীড়া দেয়।’
গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এস কে সিনহা এসব কথা বলেন। মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত দাশগুপ্তের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে। কিন্তু নিরীহ মানুষ যাঁরা প্রাণ হারালেন, প্রাণ হারাচ্ছেন, এটা কিন্তু সাংঘাতিক। যে রিকশাচালক, বাসের ড্রাইভার, যে হেলপার, সে তো মারা গেছে। তার পরিবারের কী হবে! আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন করছি। আপনারা একটু সহনশীল হবেন। একটু সচেতন হোন, যাতে নিরীহ মানুষ এভাবে মৃত্যুবরণ না করে।’
মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এস কে সিনহা বলেন, ‘যদি স্বাধীনতা না হতো, আমার মতো ব্যক্তি প্রধান বিচারপতি তো দূরের কথা, হাইকোর্টের বিচারপতি হতে পারতাম না।’
আলোচনার শুরুতে প্রবীণ আইনজীবী সাইয়েদ আব্দুল মতিনকে আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। বয়সের ভারে ন্যুব্জ এই আইনজীবী মঞ্চে উঠতে না পারায় প্রধান বিচারপতি মঞ্চ থেকে নেমে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
নিজ এলাকায় অভ্যর্থনা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানিয়েছে এলাকাবাসী। প্রধান বিচারপতি হওয়ার পর এটাই তাঁর প্রথম কমলগঞ্জ সফর। বাংলাদেশের বৃহত্তর মণিপুরি সমাজ (বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙাল), লোকজনসহ কমলগঞ্জ উপজেলাবাসী একত্র হয়ে গতকাল সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা আয়োজনে রানীর বাজার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মণিপুরি প্রথায় প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানায়।
সকাল ১০টার দিকে কমলগঞ্জ উপজেলা সদরের ময়না চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় প্রধান বিচারপতিকে। সাড়ে ১০টায় আলীনগর ইউনিয়নের তিলকপুর মণিপুরি পল্লির প্রবেশদ্বারে মণিপুরিদের সামাজিক রীতি অনুযায়ী এক কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে শত শত মণিপুরি তরুণ-তরুণী ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নিজ বাসভবন ‘আশীর্ব্বাদ’ পর্যন্ত নিয়ে যায়। এরপর বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অভ্যর্থনা মঞ্চে মণিপুরি পালা কীর্ত্তন অনুষ্ঠিত হয়। বেলা তিনটা থেকে মণিপুরি সম্প্রদায়ের বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙাল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগে চিকিৎসক নন্দ কিশোর সিনহার সভাপতিত্বে অভ্যর্থিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
অনুষ্ঠানস্থলে অভ্যর্থিত প্রধান বিচারপতি আরোহণের আগে চার মণ ওজনের রাজঘণ্টা বাজানো হয়। প্রায় সাড়ে চার শ বছর আগে রাজপরিবারে বাজানো হতো এই রাজঘণ্টা।
অভ্যর্থনা শেষে মণিপুরি ললিতকলা একাডেমি ও মণিপুরি থিয়েটারের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যা পৌনে ছয়টায় প্রধান বিচারপতি এস কে সিনহা অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত কমলগঞ্জবাসীর উদ্দেশে বলেন, দেশের নিপীড়িত ও নির্যাতিতদের সুবিচার প্রাপ্তিতে কাজ করতে পারলেই তাঁর জীবন সার্থক হবে।