সাধারণ সভা বাতিলের আদেশ সুপ্রিম কোর্টে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেসরকারি চিকিৎসালয় ন্যাশনাল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের নয় বছর এবং বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র সিগমা ল্যাব লিমিটেডের ১০ বছরের সাধারণ বার্ষিক সভার সিদ্ধান্ত বাতিলের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাবের অনিয়ম এবং আর্থিক দুর্নীতির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন এ দুটি প্রতিষ্ঠানের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম। কোম্পানি আইনকে পাশ কাটিয়ে নিজেদের ইচ্ছেমতো ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাবের পরিচালকেরা হিসাব-নিকাশ সংরক্ষণ এবং নতুন পরিচালকও অন্তর্ভুক্ত করেন। সাধারণ বার্ষিক সভায় এসবের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কোম্পানির আইন না মেনে উভয় প্রতিষ্ঠানের প্রভাবশালী পরিচালকেরা সাধারণ বার্ষিক সভা করেছেন, যা কোম্পানি আইনের লঙ্ঘন। কোম্পানি আইনের ব্যত্যয় ঘটিয়ে সাধারণ সভা করায় জাহাঙ্গীর আলম হাইকোর্টে মামলা করেন। আদালত সূত্র জানায়, হাইকোর্ট শুনানির পর গত বছরের ১৪ আগস্ট ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাবের সাধারণ বার্ষিক সভা বাতিলের আদেশ দেন। ছয় মাসের মধ্যে সাধারণ বার্ষিক সভা নতুন করে করারও নির্দেশ দেন। এ জন্য হাইকোর্ট পাঁচজনের একটি কমিটি করার আদেশ দেন। আর ‘রহমান রহমান অ্যান্ড হক’ নামের একটি প্রতিষ্ঠান দিয়ে ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাবের হিসাব পুনর্নিরীক্ষণের নির্দেশ দেন। পরে প্রভাবশালী পরিচালকেরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। গত সোমবার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখার আদেশ দেন।