সাধারণ সম্পাদক পর্যায়ে সংলাপের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কারণে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংলাপ আয়োজনের প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে পড়েছে। তাই বাংলাদেশের প্রধান দুই দলের মধ্যে সাধারণ সম্পাদক পর্যায়ে সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান। তিন দিনের সফর শেষে গতকাল সোমবার দুপুরে তিনি রাজধানীর আমেরিকান ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গতকাল রাতেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি।

নিশা দেশাই বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্য অর্জনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য চলমান সময়টা অত্যন্ত সংকটপূর্ণ হওয়ায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার আগেই আমি বাংলাদেশ সফরে এসেছি। কারণ, যুক্তরাষ্ট্র ও ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কটা অগ্রাধিকার তালিকায় রয়েছে।’

আগামী বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিশা দেশাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে শপথ নেবেন।

গতকাল দুপুরে সর্বদলীয় সরকার গঠনের জন্য মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নিয়েছেন। এ পরিস্থিতিতে প্রধান দুই দলের মধ্যে সংলাপের সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে নিশা দেশাই বলেন, ‘অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের বিষয়টি জরুরি ভিত্তিতে সংলাপ আয়োজনকে জোরালো করে তুলেছে। যে সংলাপের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পথ সুগম হবে।’

দুই নেত্রীর সঙ্গে আলোচনার পর সংলাপের ব্যাপারে তাঁর ধারণা কী, জানতে চাইলে নিশা দেশাই বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে আলোচনায় আমি সংলাপের ওপর পুনরায় গুরুত্বারোপ করেছি। এ সংলাপের ব্যাপারে আমরা আশাবাদী। আমরা মনে করি, দুই দলের সাধারণ সম্পাদকদের আলোচনায় বসা উচিত। আমাদের বিশ্বাস, দুই নেত্রী তাঁদের দায়িত্ব দিলে আলোচনার মাধ্যমে তাঁরা সমাধানের পথ খুঁজে বের করবেন। তাই দুই দলের মহাসচিবদের গঠনমূলক সংলাপ আয়োজনের দায়িত্ব দিতে দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছি।’

বর্তমান পরিস্থিতি সবার জন্য সমান সুযোগ তৈরির জন্য সহায়ক কী না, জানতে চাইলে নিশা দেশাই বলেন, রাজনৈতিক দলগুলোকে এ জন্য একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে, সবার জন্য সমান সুযোগ তৈরি ও নির্বাচন আয়োজনের ব্যাপারে আস্থা তৈরির জন্য কী করা উচিত। বিএনপি অংশ না নিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে বাংলাদেশের নির্বাচন, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার মতে, মৌলিক বিষয়টাই হচ্ছে নির্বাচন বাংলাদেশের কাছে কতটা গ্রহণযোগ্য হলো, তার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সিদ্ধান্ত নেবে। এ দেশের জনগণ নির্বাচনী প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য মনে করছে কী না, সেটা গুরুত্বপূর্ণ। এটি এ দেশের জনগণই নির্ধারণ করবে। এটি আমার ঠিক করার কথা নয়।’

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার দিল্লি সফরের সময় তিনি বাংলাদেশের পরিস্থিতি বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নিশা দেশাই বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে, যার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম হয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের অভিন্ন অবস্থান রয়েছে। তবে এ নিয়ে মতপার্থক্যের বিষয়টি আমার জানা নেই।’

হরতাল ও সহিংসতার ব্যাপারে তাঁর দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে নিশা দেশাই বলেন, ‘আমি খুব স্পষ্টভাবেই উল্লেখ করেছি, যুক্তরাষ্ট্রের মতে, রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের সহিংসতাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে এটিও উল্লেখ করেছি যে, রাজনৈতিক দলগুলোর অবাধে ও শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশের মাধ্যমে তাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে।’

বাংলাদেশ সফরের শেষ দিনে নিশা দেশাই বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া দুপুরে তিনি পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন।