মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির ‘সমঝোতা’ কমিটি গত শুক্রবার বিকেলে বর্ধিত সভা করেছে। সভায় সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলীয় ও সভায় অংশগ্রহণকারীদের সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির বিবদমান দুটি পক্ষের সমন্বয়ে দলের কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গত বছরের (২০১০) ১ এপ্রিল জালাল উদ্দিন আহমেদকে সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি ‘সমঝোতা কমিটি’ অনুমোদন করেন। পরবর্তী সময়ে জালাল উদ্দিন আহমেদের অকাল মৃত্যুতে এই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হন গিয়াস উদ্দিন। এর আগে জেলা কমিটির সভাপতি এম নাসের রহমান সালেহ উদ্দিনকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী জালাল উদ্দিন আহমেদকে সভাপতি ও নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পৃথকভাবে জুড়ী উপজেলায় দুটি কমিটি অনুমোদন দেন।সূত্র জানায়, গত শুক্রবার বেলা তিনটায় উপজেলা সদরের ডাকবাংলো সড়কের দলীয় কার্যালয়ে ওই কমিটি বর্ধিত সভা করে। গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন বড়লেখা উপজেলার ‘সমঝোতা’ কমিটির সভাপতি আবদুল হাফিজ, জুড়ী উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান আইনুল হক, যুবদলের উপজেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান, ছাত্রদলের উপজেলা কমিটির সভাপতি মাযহারুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সমালোচনা করেন। পরে মুজিবুর রহমানকে অব্যাহতি এবং ফখরুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে মুজিবুর রহমান প্রথম আলোকে বলেছেন, দলের কাউন্সিলে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সালেহ উদ্দিনকে সভাপতি ও তাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ‘সমঝোতা কমিটি’ একটি ‘পকেট’ কমিটি। তাঁকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার ওই কমিটির নেই।