মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা গতকাল শনিবার শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে ফরিদ আহম্মদকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।জানা গেছে, দলীয় নেতা-কর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে গতকাল দুপুরে উপজেলা সদরে মিছিল বের করেন। মিছিল শেষে উপজেলা চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আমিনুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা ফরিদ আহম্মদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাসীদের মদদ দেওয়া ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন। আগামী মঙ্গলবারের মধ্যে তাঁকে দল থেকে বহিষ্কার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান নেতারা।