ঘাটাইলে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে দুই পুলিশকে আহত করা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গালিগালাজ করার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কফিলুর রহমান ভুটানসহ ১০ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত আটটায় ঘাটাইল বাজার রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের দেড় শতাধিক নেতা-কর্মী রাত আটটা থেকে দুইটা পর্যন্ত ঘাটাইল থানা ঘেরাও করে রাখেন। আহত পুলিশ সদস্যরা হলেন, সোহেল আহমেদ ও আক্তারুজ্জামান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কফিলুর রহমান, ঘাটাইল জিবিজি কলেজের ভিপি সাইদুর রহমান, এজিএস সাহাদৎ হোসেনসহ ১৮ জন ছাত্রলীগ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে দুটি মামলা করেছে। অবৈধ অস্ত্র বহন এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দুটি করা হয়েছে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুর রহমান বলেন, গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ বাজার রোডে সশস্ত্র মহড়া দেয়। খবর পেয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ নয়জন ছাত্রলীগ কর্মীকে দেশি অস্ত্রসহ আটক করে। আটক ব্যক্তিরা হলেন: রাকিব (১৮), পলাশ (১৮), ফারুক (১৮), লিটন (১৯), রাসেল (১৮), অপু (২০), সাইফুল (১৮), লুৎফর (১৯), সজল (১৯)।খবর পেয়ে কফিলুর রহমান ভুটান বাজার রোডে এসে ছাত্রলীগের কর্মীদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন। কর্মীদের ছেড়ে না দেওয়ায় তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পুলিশ সদস্য সোহেল আহমেদকে মারধর করেন। এ সময় পুলিশ কফিলুর রহমানকেও আটক করে থানায় নিয়ে যায়।