বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ক্ষুব্ধ আহসান আলী (৩৯)। তিনি চারঘাটের সরদহ বাজার থেকে বাসে ওঠেন, যাবেন রাজশাহী। বাড়তি ভাড়া দিতে রাজি নন তিনি। এ নিয়ে বাস-কন্ডাক্টরের সঙ্গে তাঁর তীব্র বাগিবতণ্ডা। জেলা সদর থেকে বিভিন্ন উপজেলায় চলাচলকারী বাসের ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের কর্মীদের এ রকম বচসা চলছে কয়েক দিন ধরে।সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয় গত ২৯ ডিসেম্বর থেকে। এরপর দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি এক টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৩৫ পয়সা করা হয়। এই হারে বাসভাড়া আদায় করতে গিয়ে যাত্রীদের সঙ্গে হাতাহাতির অবস্থা। শুধু বাসভাড়া নয়, তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে নিভৃত গ্রামের সাধারণ মানুষের জীবযাত্রার ওপরেও। বর্ধিত দামের তেল এবার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাথায় বোঝা হয়ে চেপেছে।কনজ্যুমার অ্যাসো-সয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দাবি করেছেন, গেল বছর তিন দফা তেলের দাম বাড়ানো হয়। এতে রাজশাহীতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় ১০ শতাংশ। ভোক্তা হয়ে পড়েছে দিশেহারা। সবদিক দিয়েই তাদের ঘাড়ে দাম বাড়ার খড়্গ নেমে এসেছে। তাদের হিসাবে রাজশাহীতে বাড়িভাড়া গড়ে ৩০ শতাংশ বেড়েছে। নগরের প্রধান প্রধান এলাকায় পাকা বাড়ির ভাড়া ৪০ থেকে ৪৫ শতাংশ হারে বেড়েছে। পাঁচ হাজার টাকার ভাড়া সাত হাজার থেকে সাত হাজার ২০০ টাকা পর্যন্ত হয়েছে। মেসে থাকেন অনেক ছাত্রছাত্রী। গেল বছরের ৫০০ থেকে ৬০০ টাকার কক্ষের ভাড়া এখন বেড়ে ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা হয়েছে। একই সঙ্গে শিক্ষা উপকরণ ও যাতায়াত ভাড়াও বেড়েছে দফায় দফায়। চিকিৎসকেরা ৪০০ টাকার ফি ৫০০ টাকা নিচ্ছেন। ভোজ্যতেলসহ সব পণ্যের ব্যয় বেড়েছে লাগামহীনভাবে।চারঘাটের বাসযাত্রী আহসান আলী বলেন, ‘তিন দিন আগেও আমি সরদহ বাজার থেকে ২০ টাকায় রাজশাহী বাস টার্মিনালে যাই। আজ (সোমবার) আমার কাছে ৩০ টাকা দাবি করা হচ্ছে।’বাঘার আলাইপুরের হক সাহেব (২৫) দাবি করেন, তিনি প্রতিদিন ২০ টাকায় মিরগঞ্জ থেকে বাসে উঠে তালাইমারীতে নামেন। সোমবার খুচরা না থাকায় ৫০ টাকার নোট দেন। তা থেকে ৩০ টাকা কেটে রাখা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহাবুবুর রহমান ছিলেন একই বাসে। তিনি জানান, কন্ডাক্টররা বাসভর্তি মানুষের মধ্যে যাত্রীদের অপমান করে বেশি ভাড়া আদায়ের কৌশল অবলম্বন করছেন।বাসের ভাড়া আদায়কারী মোহাম্মদ বাবু এ প্রতিবেদককে বর্ধিত ভাড়ার হারের তালিকা বের করে দেখান। তালিকায় রাজশাহী থেকে বাঘার দূরত্ব ৪৪ কিলোমিটার। আর ভাড়া ৫৯ টাকা ৪০ পয়সা। দূরত্ব হিসাবে তিনি একটু কমই নিচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘মানুষ তা-ও দিতে চাচ্ছে না। আমরা কয়েক দিন ধরে গাড়ির মালিককে কোনো লাভ দিতে পারছি না।’চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের আবদুল গাফফার (৫০) জানান, আগে তাঁরা ১০০ টাকা ঘণ্টা হিসেবে গম ও মসুরের খেতে সেচ দিয়েছেন। তেলের দাম বাড়ার পর ১৩০ টাকা ঘণ্টা হিসেবে দিতে হচ্ছে। পবা উপজেলার কাপাশিয়া গ্রামের কৃষক আবির আলী (৫৫) জানান, তেলের দাম বাড়ার কারণে ১০০ টাকার সেচ তাঁদের কিনতে হচ্ছে ১৫০ টাকায়।বাদুড়িয়া গ্রামের কাজল সেচযন্ত্রের মালিক। তিনি কৃষকের জমিতে সেচ দেন। তিনি বলেন, ‘তেলের দাম সরকার প্রতি লিটার ৫৬ টাকা থেকে বাড়িয়ে ৬১ টাকা করেছে। কিন্তু গ্রামে ৬৪ টাকায় কিনতে হচ্ছে। শুধু তেল নয়, এর সঙ্গে শ্রমিকের দামও বেড়েছে। বেশি না লিলে তো চলবে না ভাই।’চারঘাটের গোবিন্দপুর বাজারের খুচরা তেল ব্যবসায়ী আবদুল মমিন বলেন, ‘১৩ টাকা লিটার বেইচি আমহারে যেই লাভ হতো, এহুন ৬৪ ট্যাকা বেইচিও সেই লাভ। মাঝখানে পুঁজি খাটাইতে হচ্ছে বেশি। আমহারা কোত (কোথায়) যাব?’উত্তরাঞ্চলের মধ্যে বড় একটি ব্যবসাকেন্দ্র পুঠিয়া উপজেলার বানেশ্বর। বাজারটির পাইকারি চাল বিক্রেতা প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নিশীথ কান্ত সাহা বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে চাল নিয়ে এসে ব্যবসা করি। আগে ৮৪ কেজির এক বস্তা চাল আনতে পরিবহন খরচ পড়ত ২০ টাকা। তেলের দাম বাড়ার পর প্রতি বস্তায় খরচ বেড়েছে ১৫ টাকা। কিন্তু আমরা চালের দাম বাড়াতে পারছি না। বাড়তি পরিবহন খরচ মেটানোর পর মুনাফা থাকছে না বললেই চলে।’বানেশ্বরে ডালের দেড় শতাধিক মিল রয়েছে। এবার তেলের দাম বাড়ার আগে এই পাইকারি বাজারে ৫০ কেজি ওজনের এক বস্তা ডালের দাম ছিল তিন হাজার ৩০০ টাকা। এখন সেই ডালের দাম নেওয়া হচ্ছে তিন হাজার ৪৫০ টাকা। লিটারপ্রতি পাঁচ টাকা তেলের দাম বাড়ার কারণে কীভাবে এক বস্তা ডালের দাম ১৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে? এর জবাবে জামান ট্রেডার্সের স্বত্বাধিকারী ওয়াহিদুজ্জামান জানান, তাঁরা ফরিদপুর থেকে মসুর-কলাই নিয়ে এসে ডাল তৈরি করেন। তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে পরিবহন ও শ্রমিকের দাম বেড়েছে। এই দামে ডাল বিক্রি না করে তাঁদের উপায় নেই।বাঘা উপজেলার দীঘা গ্রামের কলেজশিক্ষক গোলাম তোফাজ্জল কবির জানান, কয়েক দিন আগে তিনি এক ব্যাগ সিমেন্ট কিনেছেন ৪১৭ টাকায়। সোমবার সেই সিমেন্টের দাম ৪৪৫ টাকা করে নেওয়া হচ্ছে। দোকানি বলছেন, তেলের দাম বাড়ার কারণেই সিমেন্টের দাম বাড়ানো হয়েছে।তবে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকা-রাজশাহী পথে বাসভাড়া বাড়ানো হয়নি। এবার ভাড়া বাড়ানোর পর যাত্রীদের সঙ্গে বাসের শ্রমিকদের আরেক দফা তিক্ততা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) রাজশাহী জেলা শাখার সভাপতি লিয়াকত আলী জানান, তেলের দাম বাড়ার কারণে এমন কোনো খাত নেই, যার ওপর প্রভাব পড়েনি। সরকার বলছে, তারা বিদ্যুতের সমস্যা নিরসন করছে। কিন্তু কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রে বাড়তি তেল সরবরাহ করতে গিয়ে সরকারের ভর্তুকির বোঝা বেড়ে গেছে। ভর্তুকি কমাতে সরকার তেলের দাম বাড়াচ্ছে। এতে স্বল্প ও মধ্যবিত্তদের জন্য বিপদ ডেকে আনা হচ্ছে।রাজশাহী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফজলে করিম জানান, জনগণের ওপর এর প্রভাব পড়বেই। কিন্তু উচ্চবিত্ত ছাড়া কৃষক-শ্রমিক থেকে শুরু করে সবাই এর বিরূপ প্রভাবের শিকার হবে। এরই মধ্যে সিমেন্টের দাম বেড়েছে, রডের দামও বাড়বে।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সুকুমার চন্দ্র কুণ্ড বলেন, ‘তেলের দাম বাড়ার অজুহাতে কেউ ১০ থেকে ১৫ শতাংশের বেশি মুনাফা করলে তাঁর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি।’ এবার তেলের দাম বাড়ানোর পর এ ধরনের কোনো অভিযান চালানো হয়নি। তবে এ ব্যাপারে ঢাকা থেকে অনুমতি দেওয়া হয়।