সাধুবেশে পাকা চোর অতিশয়
অভিজাত হোটেলে চলছে কর্মশালা। উপস্থিত সবাই মগ্ন আলোচনায়। হঠাৎ হলের ভেতর ঢুকলেন এক ব্যক্তি। তাঁর পেছন পেছন আরেকজন। একজন গিয়ে বিদেশি এক নারী অতিথির পাশে বসলেন। আস্তে করে নিজের দিকে সরিয়ে নিলেন মহিলার ভ্যানিটি ব্যাগটি। এরপর ব্যাগ থেকে সন্তর্পণে টাকা, মোবাইল ফোনসেট ও ক্রেডিট কার্ড বের করে ভরলেন পকেটে। এবার দুজনেই বেরিয়ে গেলেন নির্বিঘ্নে।যে ঘটনার বর্ণনা দেওয়া হলো, তা হোটেলের ক্লোজ সার্কিট টিভির (সিসিটিভি) ক্যামেরায় ধরা পড়া এক চোর চক্রের কাজ। এই ভিডিও দেখে চোর দলের পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।আটক হওয়া ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছেন, দুই বছর ধরে তাঁরা বিভিন্ন সংবাদ সম্মেলন, সেমিনার, কর্মশালা ও মেলায় ঢুকে জিনিসপত্র চুরি করছেন। এদের পাঁচজনের মধ্যে চারজনই জানিয়েছেন, এটাই তাঁদের পেশা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চুরি হওয়া একটি মোবাইল ফোনসেটের সূত্র ধরে তাঁদের ধরা হয়। এরপর ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখা হয়। গ্রেপ্তার হওয়া পাঁচজনকে গতকাল শুক্রবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় সিসিটিভিতে রেকর্ড হওয়া সেই দৃশ্যও দেখানো হয়। চোর দলের নেতা হলেন কালীশংকর (৪৩)। তাঁর বাড়ি রাজবাড়ী জেলার পাঁচুড়িয়ায়। থাকেন কেরানীগঞ্জে। একসময় কাঁচামালের ব্যবসা করতেন বলে জানিয়েছেন। পুঁজি হারিয়ে এখন চুরিই পেশা। কালীশংকরের দাবি, তিনি নন, পটুয়াখালীর রব্বানীই তাঁর দলের ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তি। পুলিশ কথিত গুরুত্বপূর্ণ রব্বানীকে ধরতে পারেনি। কালীশংকর ছাড়া ধরা পড়া অন্যরা হলেন—ইলিয়াস খান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন ও সোহেল। সোহেলের উত্তরায় গার্মেন্টস-সামগ্রী বিক্রির দোকান আছে। তিনি তাঁদের চুরি করা জিনিসপত্র কম দামে কিনে থাকেন।শংকর সাংবাদিকদের জানান, প্রতিদিন তাঁরা সংবাদপত্রে বিভিন্ন অনুষ্ঠানের সূচি দেখে ঠিক করেন কোনটায় ঢুকবেন। এরপর সেখানে গিয়ে হাজির হন। দরকার হলে সাংবাদিক বলেও পরিচয় দেন। এ কাজে তাঁদের কমপক্ষে পাঁচজন লাগে। একজন বাইরে, একজন দরজার কাছে ও তিনজন ভেতরে থাকেন। ভেতরের তিনজনের মাত্র একজনই চুরি করে। অন্য দুইজন চোরকে পাহারা দেন। এত জায়গা থাকতে কেন সংবাদ সম্মেলন, সেমিনার বা মেলায় চুরি করেন, জানতে চাইলে গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, এসব স্থানে এক বেলা ভালো করে খাওয়া যায়। তা ছাড়া চুরির ব্যাপারে সহজে কেউ সন্দেহ করে না। শংকর ও তাঁর দলের লোকজন জানান, খবরের কাগজের মাধ্যমে জেনে গত ৫ আগস্ট তারা গুলশানের হোটেলটিতে উল্লিখিত চুরি করেন। সেখানে ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি আয়োজিত একটি কর্মশালা চলছিল। এতে সরকারি দলের চিফ হুইপসহ বেশ কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন। তাঁরা ব্রিটিশ নাগরিক মহিলাটির ব্যাগ থেকে মোবাইল ফোনসেট ও ক্রেডিট কার্ড ছাড়াও নগদ ৮০০ পাউন্ড চুরি করেন। এর আগে তাঁরা ৯ জুলাই গুলশান ক্লাবের এক অনুষ্ঠানে ঢুকে দুই বিদেশির ব্যাগ থেকে ৩৫৫ ইউরো, ২০০০ বাথ ও ৬টি ক্রেডিট কার্ড চুরি করেন। ইনডোর সভা-সমিতি ও মেলার জন্য দেশের প্রধান ও সর্বাধুনিক স্থাপনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পর্যন্ত এ কাজ করেছেন তাঁরা। বইমেলা ও বাণিজ্য মেলাসহ বিভিন্ন মেলায় একসঙ্গে পাঁচ থেকে ছয়জন ঢুকে তাঁরা চুরি করেন। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজনের কাছ থেকে দুইটি মোবাইল ফোনসেট, ১৩০ ইউরো ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।