সাধুরা ফিরছেন আপন ডেরায়

পাবনার আটঘরিয়ার বাউল শাজাহান। ভাঙা গলায় সুর তোলেন, ‘বিনা পাকালে গড়িয়ে কাঁচি, করছ নাচানাচি, বুঝা যাবে এসব নাচন কাঁচিতে কাটবে না যখন, কারে কাঁচি দোষী, মনে ভেবেছ কামার ব্যাটারে ফাঁকিতে ফেলেছি।’
এই গানের ব্যাখ্যা দিয়ে বললেন শাজাহান, ‘দেহটাই তো কাঁচি। এই কাঁচিতে ধার না থাকলে ভবে কিছুই সাধন হবে না। তাই আপন মনে সাঁইজির ধামে এসে পড়ে আছি। যদি কাঁচিতে ধার মেলে।’
শাজাহানের মতো রাজবাড়ীর গোয়ালন্দের বাউল আলাউদ্দীনও আখড়াবাড়ি প্রাঙ্গণে চার দিন ধরে আসন পেতে আছেন। ‘ভক্তরা আছে, আনন্দ পাচ্ছি, সবাইকে দেখতে ভালো লাগছে, এটাই তো বেশি আনন্দ।’ আলাউদ্দীন আরও বলছিলেন, ‘পাখি (প্রাণ) কখন উড়ে চলে যাবে। তার আগে যদি গুরুর চরণে ঠাঁই পাই। তবেই জীবন ধন্য। এ জন্য সাঁইজির ধাম ছেড়ে যেতে মন চায় না।’
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহর ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমি আয়োজিত পাঁচ দিনের আয়োজনের গতকাল রোববার ছিল তৃতীয় দিন। তবে সাধুদের অষ্টপ্রহর শেষ হয়েছে গত শনিবারই। এক দিন পর হলেও সাধু বাউলেরা আখড়া ছেড়ে যেতে শুরু করেছেন। তাঁরা ফিরে যাচ্ছেন আপন ডেরায়। এখন শুধু মেলা আর ঘোরাঘুরিই বেশি।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনার্থীর আনাগোনা ছিল কম। বিকেলের পর থেকে দর্শনার্থীদের সমাগম বাড়তে থাকে। তবে সেটা নিছক মেলার কারণে।
পাঁচ দিনের আয়োজনের পুরোটায় এখন মেলার ওপর টিকে আছে। নাগরদোলা, বিভিন্ন গাছের ফলের মালা, তাবিজ, সাপখেলা, মিষ্টি খাবার, কারুপণ্যের দোকান, মাইকে উচ্চ শব্দে হিন্দি গান মাতিয়ে রেখেছে আখড়া এলাকা। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে দর্শনার্থীরা। গতকাল বেশ কয়েকজন বিদেশিকে আখড়াবাড়িতে দেখা যায়।
পাঁচ দিনের আয়োজনে প্রতিদিন সন্ধ্যায় কালী নদীর পারে মূল মঞ্চে শুরু হয় আলোচনা সভা। আলোচনা চলে টানা তিন ঘণ্টা। সভার বেশির ভাগ অতিথিই ছিলেন রাজনৈতিক দলের নেতারা। বেশির ভাগ সময় কেটে যায় রাজনৈতিক কথাবার্তায়। এ নিয়ে ভক্ত-শ্রোতাদের মধ্যে কিছুটা বিরক্তি লক্ষ করা গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী দিনে আলোচনা সভায় কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান তাঁর বক্তব্যে স্থানীয় সরকারদলীয় সাংসদ আবদুর রউফকে উদ্দেশ করে বিষোদ্গার করেন। তিনি অভিযোগ করে বলেন, এই এলাকার (কুমারখালী) সাংসদ কোনো উন্নয়ন করেন না। এমনকি এই লালনমেলার অনুষ্ঠানে লোকজনকে আসতে বাধা দিয়েছেন।
দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবদুর রউফ পাল্টা বক্তব্যে বলেন, লালন সাঁইজির মাজারে আচার-অনুষ্ঠান কোনো রাজনৈতিক দলের নয়। অথচ এক শ্রেণির রাজনৈতিক নেতা নিজের স্বার্থ রক্ষায় মিথ্যাচার করে সাঁইজির জাতহীন মানবদর্শন ভাবাদর্শকে কলঙ্কিত করেছেন।
গতকাল সন্ধ্যায় তৃতীয় দিনের আলোচনায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার। রাত ১০টার পর শুরু হয়ে রাতভর চলে গান।