সানজিদা এখন ইসমাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে সানজিদা খাতুন নামের এক স্কুলছাত্রী দৈহিক গঠন পরিবর্তন হয়ে পুরুষে রূপান্তরিত হয়েছে। এখন পারিবারিকভাবে তার নাম রাখা হয়েছে ইসমাইল হোসেন।
ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের আবদুল বারীর অভাবী সংসার। আবদুল বারী বর্গাচাষি। তাঁর চার মেয়ের মধ্যে সানজিদা খাতুন ছোট। অনেক দিন আগে তিনি বড় মেয়ে জেসমিন আকতারকে বিয়ে দিয়েছেন। দ্বিতীয় মেয়ে রেশমা খাতুন সংসারের খরচ জোগাতে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। তৃতীয় মেয়ে রূপসী খাতুন ধুনট বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আর সানজিদা খাতুন ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বয়স এখন প্রায় ১৬ বছর।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সানজিদা খাতুনের বাড়িতে কয়েক শ নারী-পুরুষের ভিড়। সহপাঠীরাও ভিড় জমিয়েছে তার বাড়িতে। বাড়ির একটি টিনের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে সানজিদা। উপস্থিত উৎসুক জনতার সঙ্গে শারীরিক পরিবর্তনের কথা বলতে ব্যস্ত সে। এ সময় প্রথম আলোকে সানজিদা বলে, ‘আনুমানিক তিন মাস আগে থেকে আমি আমার শরীরের পরিবর্তন লক্ষ্য করতে পারি। নারীর দেহের চিহ্ন পরিবর্তন হয়ে পুরুষের চিহ্ন দেখা দেয়। বিষয়টি আমি মা, বাবা ও পরিবারের লোকজনকে জানাই। মাস খানেক আগে আমার শারীরিক পরিবর্তন হয়। আমি পুরুষে রূপান্তরিত হই। তবে আমি লজ্জার ভয়ে পরিবারের লোকজনকে এ বিষয়টি প্রকাশ করতে দিই নাই। কিন্তু আমার চলাফেরা দেখে একসময় স্থানীয় কয়েকজন বিষয়টি টের পায়। একপর্যায়ে রোববার রাতে আমার এক নিকট আত্মীয় বেড়াতে এসে বিষয়টি টের পান এবং থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে রাতেই পুলিশ বাড়ি এসে খবর জেনে যায়।’
এত দিন বিষয়টি না জানানো সম্পর্কে সানজিদা খাতুন বলে, প্রথমে স্বপ্নের মাধ্যমে জানতে পারে যে সে নারী থেকে পুরুষে রূপান্তরিত হবে। তাই সে পূর্ণাঙ্গ পুরুষে রূপান্তরিত না হওয়া পর্যন্ত এ বিষয়টি প্রকাশ করা নিষেধ ছিল। এ কারণে বিষয়টি পরিবারের লোকজন ছাড়া অন্য কাউকে সে জানায়নি।
বাবা আবদুল বারী বলেন, ‘ছেলেসন্তানের আশায় চার কন্যাসন্তানের জন্ম হয়। এতে মন খুব খারাপ ছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমার আশা পূরণ করেছেন। তাই আল্লাহর রহমতে তার নাম রাখা হয়েছে ইসমাইল হোসেন। টাকাপয়সার সমস্যা থাকার কারণে তার চিকিৎসা করাতে পারি নাই।’
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন বলেন, হরমোনজনিত কারণে লিঙ্গ পরিবর্তনের ঘটনা ঘটে। শরীরে এ ধরনের উপসর্গ দেখা গেলে অস্ত্রোপচারের মাধ্যমে পূর্ণাঙ্গ পুরুষ কিংবা নারীতে রূপান্তরিত করা যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং তাদের পারিবারিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।