সানজিদার দুই সহপাঠী গ্রেপ্তার
রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সানজিদা ইসলামের চোখে তরল পদার্থ ছুড়ে মারার ঘটনায় পুলিশ তার দুই সহপাঠীকে গ্রেপ্তার করেছে। চিকিৎ সকেরা বলছেন, সানজিদার চোখে এসিড নয়, অন্য কিছু ছোড়া হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে সানজিদাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।বোয়ালিয়া থানার উপপরিদর্শক হাফিজুর রহমান জানিয়েছেন, গতকাল রোববার সকালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির আহম্মেদকে ওই প্রতিষ্ঠান থেকেই গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির সানজিদাকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করেছে। তবে এসিড বা অন্য কিছু ছোড়ার কথা স্বীকার করেনি। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের আসাম কলোনী পার হাউজ থেকে সানজিদার আরেক সহপাঠী আবদুল্লাহ ওরফে নোবেলকে গ্রেপ্তার করা হয়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান তানজিলা আলম বলেন, তার চোখের আপাতত যে সমস্যা হয়েছে, তা নিয়মিত ওষুধ ব্যবহারে ঠিক হয়ে যাবে। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, তিনি ধারণা করছেন, এ ঘটনা তাঁর প্রতিষ্ঠানের কোনো ছেলে করেনি। বহিরাগত কেউ এটা করতে পারে। সানজিদার চোখে তরল পদার্থ নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।