সানাউল্লাহকে বাঁচাতে না পারার ব্যর্থতা স্বীকার করলেন প্রতিমন্ত্রী
অবশেষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের জীবন রক্ষা করতে না পারার ব্যর্থতা স্বীকার করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং নাটোরের পুলিশ প্রশাসন। গতকাল রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এই ব্যর্থতা স্বীকার করে নেওয়া হয়।জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। সভার শুরুতে কমিটির উপদেষ্টা, নাটোরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় সাংসদ আহাদ আলী সরকার সানাউল্লাহ নূর কীভাবে নিহত হলেন তা জানতে চান। বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে অসন্তোষ প্রকাশ করেন আহাদ আলী। প্রতিমন্ত্রী বলেন, ‘ঘটনার আগে থেকে পুলিশ নির্লিপ্ত ছিল। বনপাড়ায় বিগত চারদলীয় জোট সরকারের সাবেক এক মন্ত্রী আসছেন জেনেও কেন তাঁর অনুষ্ঠানে আইনশৃঙ্খলার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি তা রহস্যজনক। এটা কর্তব্য অবহেলার শামিল। এটা পুলিশের ব্যর্থতা। জেলার মন্ত্রী হিসেবে এটা আমারও ব্যর্থতা।’ প্রতিমন্ত্রী কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, ‘আজ আমরা ক্ষমতায় আছি। কিন্তু সব সময় তো ক্ষমতায় থাকব না। যেদিন ক্ষমতায় থাকব না সেদিন পুলিশের এ ধরনের অবহেলার কারণে আমাদেরও মৃত্যু হতে পারে। তাই আমাদের সময় থেকে দেখতে চাই, পুলিশ বিরোধী দলের নেতা-কর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক।’আহাদ আলী সরকার আরও বলেন, ‘ঘটনার পর সানাউল্লাহর বাড়িতে আমার যাওয়া উচিত ছিল। কিন্তু আমি যেতে পারিনি। আমি চিন্তা করে দেখেছি, পুলিশ তৎপর থাকলে হয়তো সানাউল্লাহ নূর মারা যেতেন না। অর্থাৎ আমরা তাঁকে রক্ষা করতে পারিনি।’প্রতিমন্ত্রী প্রশ্ন করেন, তাহলে কি যারা হামলা করেছে তাদের সঙ্গে পুলিশ তথা এসব সংস্থার আঁতাত হয়েছিল? তিনি জানান, এই ঘটনায় সরকার অস্বস্তিতে রয়েছে।পুলিশের উদ্দেশে আহাদ আলী বলেন, ‘আপনারা সানাউল্লাহ নূরের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেননি। ঘটনার পর তাঁকে অনেক পথ ঘুরে বহু বিলম্বে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। দ্রুত চিকিৎসা পেলে হয়তো তিনি বেঁচে যেতে পারতেন।’প্রতিমন্ত্রী সানাউল্লাহর মৃত্যুর জন্য বিএনপি নেতা-কর্মীদেরও দায়ী করেন। তিনি বিগত চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের উদ্দেশ্যে বলেন, ‘আপনি পাঁচ বছর সরকারে ছিলেন। আপনি জানেন কোথাও কোনো কর্মসূচি নিতে হলে পুলিশকে লিখিতভাবে জানাতে হয়।’ প্রতিমন্ত্রী বাগাতিপাড়ার প্রতিবাদী কলেজশিক্ষক মিজানুরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নাটোরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নাসিরুল ইসলাম বলেন, ‘যেভাবেই হোক সম্মিলিত ব্যর্থতার কারণে আমরা চেয়ারম্যান সানাউল্লাহর জীবন রক্ষা করতে পারিনি। এ ক্ষেত্রে বিরোধী দলের নেতা-কর্মীদের অসহযোগিতা আমাদের তৎপরতা বিঘ্নিত করেছে। দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য তারা আমাদের কোনো সহযোগিতা নেয়নি।’এ প্রসঙ্গে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান, সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান নওশের আলী বাদশা, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলায় গত অক্টোবর মাসে সংঘটিত হত্যা, ডাকাতি, মাদক, চোরাচালান ও জঙ্গি পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এক মাসে একজন গ্রেপ্তার: সানাউল্লাহ নূর হত্যার ঘটনায় এক মাস পূর্ণ হয়েছে গতকাল। গত ৮ অক্টোবর বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয় সানাউল্লাহকে। এ ঘটনায় তাঁর স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে প্রথমে ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে তিনি আরও ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন। এসব আসামির মধ্যে পুলিশ এ পর্যন্ত শুধু ছাত্রলীগের কর্মী রাসেলকে গ্রেপ্তার করতে পেরেছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির স্ত্রী মহুয়া নূর বলেন, ‘প্রকাশ্যে দিবালোকে আমার স্বামীকে কারা হত্যা করেছে তা দেশের সব মানুষ টেলিভিশনে দেখেছেন। তারা চিহ্নিত। অথচ পুলিশ গত এক মাসেও তাদের গ্রেপ্তার করতে পারেনি। এটা অবিশ্বাস্য। পুলিশ ইচ্ছা করলে যে কাউকে যখন-তখন গ্রেপ্তার করতে পারে। এর উদাহরণ নাটোরেও আছে।’