সানি হত্যার বিচার দাবিতে ছাত্রমৈত্রীর তিন দিনের কর্মসূচি
বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহসভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী ওরফে সানির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রমৈত্রী বিক্ষোভ কর্মসূচি পালন করবে। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করেন।তিন দিনের কর্মসূচিতে রয়েছে: কাল বুধবার ১৩ জানুয়ারি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন, ১৬ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং আগামী ২১ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ। সংবাদ সম্মেলনে ছাত্রমৈত্রীর নেতারা বলেন, খুনি নিজামসহ সন্ত্রাসীদের সংগঠন থেকে বহিষ্কার করলেও তাঁদের গ্রেপ্তার বা বিচারের ব্যাপারে ছাত্রলীগ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। সংবাদ সম্মেলনে বলা হয়, অবিলম্বে সানির খুনিদের গ্রেপ্তার ও বিচার না করলে ছাত্রমৈত্রী এ দেশের সব প্রগতিশীল সংগঠনকে সঙ্গে নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ৭ জানুয়ারি ছাত্রলীগের হামলায় আহত ছাত্রমৈত্রীর রাজশাহী পলিটেকনিক শাখার সহসভাপতি শেরাফত আলী খান বুলবুলের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাঁকে রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। ৭ জানুয়ারি রাতে তাঁর মাথায় জটিল অস্ত্রোপচার করা হয়। এখনো তাঁর সংজ্ঞা ফেরেনি। ওই হামলায় আহত ছাত্রমৈত্রীর পলিটেকনিক শাখার সভাপতি কাজী আবদুল মোতালেব জুয়েলও এখনো বিপন্মুক্ত নন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্রমৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি বাপ্পাদিত্য বসু, সহ-সাধারণ সম্পাদক শামীমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তানভীর রুসমত, সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।