সানিডেইল স্কুলে বসন্ত উৎসব

ঋতুরাজ বসন্তের আগমনকে নেচে-গেয়ে উদ্যাপন করেছে ইংরেজি মাধ্যম স্কুল সানিডেইলের শিক্ষার্থীরা। ধানমন্ডিতে স্কুলটির মিডল সেকশন ভবন প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার সকালে ছিল বসন্ত উৎসব-১৪২৩-এর আয়োজন।
‘এসো এসো প্রাণের উৎসবে, দক্ষিণ বায়ুর বেণুরবে’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শুরু হয় সকাল নয়টায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার ও রেজওয়ানা চৌধুরী বন্যা। অতিথিদের পলাশ ফুলের রাখি পরিয়ে স্বাগত জানায় শিক্ষার্থীরা। স্কুলের চেয়ারম্যান তানভীর আহমেদ খান ও অধ্যক্ষ তাজিন আহমেদ অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
হলুদ-সবুজ-বাসন্তী-লাল রঙে সাজানো হয়েছিল উৎসবের মঞ্চ। মঞ্চে বসা খুদে গাইয়েদের শাড়ি-পাঞ্জাবিতেও ছিল এসব রঙের ছোঁয়া। রবীন্দ্রনাথ, নজরুল আর অতুলপ্রসাদের বসন্তের গান গেয়ে শোনায় তারা। গানের সঙ্গে ছিল নাচের আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণে রবি ঠাকুরের তোতাকাহিনী মঞ্চস্থ হয়। ধানমন্ডির রোড নম্বর ১১/এ ঠিকানায় মিডল স্কুল ভবনের প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
শিক্ষার্থীদের পরিবেশনা শেষে মুস্তাফা মনোয়ার তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘শহরে বসন্ত বোঝা যায় না। কিন্তু আমাদের মনে যদি রং থাকে, তাহলে বসন্তকে ঠিক চিনে নেব।’ রেজওয়ানা চৌধুরী বন্যা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের প্রকৃতির কাছে যেতে হবে। প্রকৃতিকে চিনতে হবে। ভালোবাসতে হবে।’
সানিডেইল স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলের পাঁচটি সেকশনে ভাগাভাগি করে বছরের প্রতিটি ঋতুকেই স্বাগত জানানো হয়। অধ্যক্ষ তাজিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রথমে আমরা বাঙালি, বাংলাদেশি। ইংরেজি আমাদের স্কুলের শিক্ষার মাধ্যম, যা হয়তো শিক্ষার্থীদের পরবর্তী জীবনে সাহায্য করবে; কিন্তু তার মানে এই নয় যে আমরা বাংলা ভাষা-সংস্কৃতি ভুলে যাব।’ পরিবারে ভাষা-সংস্কৃতির চর্চা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন তিনি।