টাঙ্গাইলে বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খানের (বাপ্পা) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা ও নির্দেশদাতা হিসেবে সানিয়াত অভিযুক্ত। এ ছাড়া তাঁর দেহরক্ষী শাজাহান মিয়াসহ সাতজনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। অন্য ছয়জন হলেন টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার আজাদ ফকির, সদর উপজেলার ছিটকিবাড়ী গ্রামের রুজভেল, দাইন্যা চৌধুরী গ্রামের সঞ্জিত ঘোষ, শ্রীফলিআটা গ্রামের ছানোয়ার হোসেন, কাঠুয়াযুগনী গ্রামের সুজন মিয়া ও চর কাগমারা গ্রামের শফিকুর রহমান।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে শাহজাহান মিয়া, সুজন ও ছানোয়ার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। শফিকুর রহমান গ্রেপ্তারের পর জামিনে আছেন। বাকিরা কেউ গ্রেপ্তার হননি।
২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক প্রাতর্ভ্রমণে বের হন। সকাল সাড়ে ছয়টার দিকে শহরের আকুরটাকুর বটতলা বাজার এলাকায় তাঁকে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে। নিহতের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে পরদিন টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, এ বছর ফেব্রুয়ারিতে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সানিয়াত খানের দেহরক্ষী শাহজাহান মিয়া ও তাঁর অপর দুই সহযোগী সুজন মিয়া এবং ছানোয়ার হোসেনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) অশোক কুমার সিংহ জানান, তাঁরা তিনজনই জবানবন্দিতে উল্লেখ করেন, সানিয়াত খান তাঁদের নিয়ে জেলা ছাত্রলীগ কার্যালয়ের ছাদে ও তাঁর (সানিয়াত) বাসার ছাদে একাধিক বৈঠকে চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে হত্যার পরিকল্পনা করেন। এর এক সপ্তাহ পর রফিকুলকে হত্যা করা হয়।
আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় সানিয়াত খানের নাম আসায় এক বছর আগে থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। পুলিশ সূত্র জানিয়েছে, ফারুক আহমেদ হত্যা মামলায় সানিয়াতের অপর তিন ভাই সাংসদ আমানুর রহমান খান (রানা), পৌরসভার মেয়র সহিদুর রহমান খান (মুক্তি) ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) অভিযুক্ত হচ্ছেন। এঁরা সবাই আত্মগোপনে রয়েছেন।