সানোয়ারকে আর রিকশা চালিয়ে পড়তে হবে না

সানোয়ার হোসেনকে আর রিকশা চালিয়ে পড়তে হবে না। পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য দেশ-বিদেশ থেকে প্রথম আলোর বেশ কয়েকজন পাঠক তাঁর জন্য টাকা পাঠিয়েছেন। অনেক পাঠক তাঁর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আর এনজিও থেকে নেওয়া তাঁর বাবার ঋণ শোধ করার জন্য এক লাখ টাকা দিয়েছে প্রথম আলো।
সানোয়ার (২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্র। ১৭ এপ্রিল তাঁকে নিয়ে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘রিকশা চালিয়ে পড়ালেখা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
সানোয়ার গতকাল মঙ্গলবার জানান, বাবার ঋণ শোধ করার জন্য প্রথম আলোর পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকা তিনি হাতে পেয়েছেন। এ ছাড়া তাঁর পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য প্রথম আলোর পাঠক ফজলে হোসেন ১০ হাজার টাকা, নাইরীন আহসান জুলি ১০ হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক আরও ছয়জন ১৪ হাজার টাকা পাঠিয়েছেন। স্পেন থেকে মাসুমা বেগম ৭ হাজার ৬৪৭ টাকা, যুক্তরাষ্ট্র থেকে ইফতেখারুল ইসলাম ২৩ হাজার টাকা, ইতালি থেকে জনৈক আসাদ ৪ হাজার ৬৪ টাকা পাঠিয়েছেন।
এ ছাড়া নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ না হওয়া পর্যন্ত সানোয়ারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে।
সানোয়ার জানান, ৩০ এপ্রিল থেকে তাঁর মাস্টার্স পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর তাঁকে আর রিকশা চালাতে হচ্ছে না। প্রথম আলো থেকে দেওয়া এক লাখ টাকার কথা তিনি এখনো বাবাকে জানাননি। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন শিক্ষক ও প্রথম আলোর রাজশাহী প্রতিবেদক তাঁর এলাকায় গিয়ে ওই টাকায় এনজিও থেকে নেওয়া বাবার ঋণ শোধ করে দিয়ে আসবেন।
সানোয়ার বলেন, ঋণের কিস্তি থেকে রেহাই পেলে তাঁর পরিবারের আপাতত আর কোনো সংকট থাকবে না। তিনি সরাসরি যে সহযোগিতা পেয়েছেন, তাতেই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন। আর মাস্টার্স পাস করার পর একটা চাকরি পেলে তিনি ধীরে ধীরে বন্ধক রাখা জমিগুলো ছাড়িয়ে নিতে পারবেন।
সানোয়ারের বাবার নাম আমিনুল হক। বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামে। গ্রামের বাজারে সানোয়ারের বাবার একটি ছোট্ট চা-মিষ্টির দোকান আছে। আড়াই বিঘা আবাদি জমি ছিল, সানোয়ারকে পড়াতে গিয়ে তা ১ লাখ ৭৫ হাজার টাকায় বন্ধক রাখতে হয়েছে। এ ছাড়া চারটি এনজিও থেকে যে ঋণ নেওয়া হয়েছে, চার বছরে তা বেড়ে ১ লাখ ১১ হাজার টাকায় দাঁড়িয়েছে। সপ্তাহে ঋণের কিস্তি দিতে হয় তিন হাজার টাকা। এ জন্য বিশেষ করে মাস্টার্সে ওঠার পর থেকে বাবা তাঁকে নিয়মিত টাকা পাঠাতে পারেন না। ফলে আবাসিক হলের সিট ভাড়া ও ডাইনিংয়ে খাওয়ার বিল বাকি পড়ে তাঁর। কোনো উপায় না দেখে রাতের বেলায় রিকশা চালানো শুরু করেন সানোয়ার।