সান্তাহার ও রানীনগরে রেলের জমি বেদখল
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন এলাকার কামারকুড়ি ও রানীনগর স্টেশনের পাশে দরিয়াপুর মৌজায় রেলওয়ের জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। এর সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও প্রভাবশালী এক ব্যবসায়ী জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।ওই দুটি এলাকায় দুই একরেরও বেশি জমি দখল হয়েছে বলে জানা গেছে। এদিকে দখলের ঘটনায় রেলওয়ে পাকশী বিভাগের সান্তাহার ভূমি কার্যালয়ের কানুনগো বাদী হয়ে পাঁচ দখলদারের বিরুদ্ধে নওগাঁর রানীনগর থানায় মামলা দায়ের করেছেন। সরেজমিনে রানীনগর স্টেশন এলাকায় দেখা গেছে, স্টেশন-সংলগ্ন রেললাইনের পাশে এবং সান্তাহার রানীনগর সড়কের দুই পাশে বাঁশ ও টিন দিয়ে প্রায় অর্ধশত ঘর তৈরির কাজ চলছে। বাঁশ পুঁতে আরও জায়গা দখল চলছে। রানীনগর বাজার এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান জানান, দখল করা ওই জায়গায় তাঁদেরও জমি আছে। রেলওয়ের কাছ থেকে ৩০ বছর আগে প্রায় এক একর জমি ইজারা নিয়েছিলেন তাঁরা। দখলদারেরা জোর করে তাঁদের দখলীয় জায়গায় ঘর তুলছেন। এ বিষয়ে রেলওয়ের ভূসম্পত্তি (এস্টেট) বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আদমদীঘি ও রানীনগর থানাসহ সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় জমি উদ্ধারের জন্য আবেদন করেও কোনো প্রতিকার পাননি তাঁরা।রবিউল ইসলাম বলেন, তিনি রানীনগর থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাঁর জায়গার পাশে আরও বিপুল পরিমাণ জমি জোর করে দখল করে নিয়েছেন।অভিযোগ প্রসঙ্গে রানীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শহিদুল্লাহ বলেন, সংগঠনের কোনো সিদ্ধান্তে কোনো নেতা-কর্মী ওই জায়গা দখল করেননি। কেউ জায়গা দখল করে থাকলে সেটি ব্যক্তিগতভাবে করেছেন। তিনি দাবি করেন, অবৈধ দখলের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।অবৈধভাবে জায়গা দখল হয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে কানুনগো মনোয়ারুল ইসলাম বলেন, এ পর্যন্ত রানীনগর স্টেশন এলাকার আশপাশে প্রায় ৮ হাজার বর্গফুট জমি অবৈধ দখলদারেরা দখল করে নিয়েছেন। এ ঘটনায় রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের কয়েকজনের বিরুদ্ধে রানীনগর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।অপরদিকে সান্তাহার জংশন স্টেশন এলাকার কামারকুড়ি এলাকায় সুন্দরী অটোমেটিক রাইস মিলের মালিক বেলাল হোসেন নামের এক ব্যবসায়ী রেললাইনের ঢাল কেটে প্রায় ৫০০ গজ দীর্ঘ নালা নির্মাণের পাশাপাশি এক একর জায়গা ভরাট করে চাতাল নির্মাণ করছেন।ওই এলাকার বাসিন্দা মনসুর আলী জানান, যেভাবে রেললাইনের ঢাল কাটা হচ্ছে, তাতে করে ভবিষ্যতে লাইন হুমকির মুখে পড়তে পারে। এ ব্যাপারে বেলাল হোসেন জানান, ওই জায়গা তিনি রেলওয়ের কাছে থেকে ইজারা নিয়েছেন এবং সেখানে গাছপালা লাগানোর জন্য ভরাট করা হচ্ছে। তিনি বলেন, পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণ করা হচ্ছে। এতে রেললাইনের কোনো ক্ষতি হবে না।বগুড়ার রেলওয়ের কানুনগো মোকাররম হোসেন জানান, এ ধরনের ইজারা নেওয়ার বিষয় তাঁর জানা নেই। অচিরেই ওই জায়গা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।