সান্তাহার গুদাম থেকে সার সরবরাহ বন্ধ পাঁচ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি নিয়ে ঠিকাদারের সঙ্গে বিরোধের জের ধরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ইউরিয়া সারের বাফার স্টক গুদামে শ্রমিকেরা শুক্রবার থেকে সারবোঝাই ও খালাস বন্ধ রেখেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে শ্রমিকেরা গুদামের মূল ফটক বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান ধর্মঘট শুরু করেছেন।এ অবস্থায় পাঁচ দিন ধরে সংশ্লিষ্ট এলাকার ডিলারদের মধ্যে সার সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে শ্রমিকেরা তিন দফা দাবি আদায়ে ঠিকাদারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। দাবিগুলো হচ্ছে—বকেয়া মজুরি পরিশোধ, নতুন করে মজুরি নির্ধারণ ও গুদামে কাজের নিশ্চয়তা প্রদানসহ বহিরাগত শ্রমিকদের কাজ না দেওয়া। গুদাম থেকে সার নিতে না পারায় আমন চাষের ভরা মৌসুমে নওগাঁ ও জয়পুরহাটের কিছু এলাকায় ইউরিয়ার সংকট দেখা দিতে পারে বলে সংশ্লিষ্ট ডিলাররা আশঙ্কা করছেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) সান্তাহার বাফার গুদাম থেকে নওগাঁর ১১টি উপজেলা ও জয়পুরহাটের কিছু এলাকার ডিলারদের মাধ্যমে ওই সব এলাকায় ইউরিয়া সরবরাহ করা হয়।এ বছর ১ জুলাই থেকে গুদামের সারবোঝাই ও খালাসের জন্য বিসিআইসির কাছ থেকে মেসার্স মণ্ডল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। ঠিকাদারের প্রতিনিধি আবদুস সাত্তার ১ জুলাই থেকে সারবোঝাই ও খালাসের কাজ শুরু করতে চাইলে মজুরি নিয়ে তাঁর সঙ্গে শ্রমিকদের বিরোধ দেখা দেয়। আবদুস সাত্তার বলেন, আগের ঠিকাদার প্রতি মেট্রিক টন সার বোঝাই করার জন্য ২০ টাকা মজুরি দিতেন। এবার শ্রমিকেরা ৩০ টাকা করে মজুরি দাবি করেন। মজুরির বিষয়টি ফয়সালা না হলেও ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত শ্রমিকেরা কাজ করেন।গত শুক্রবার ঠিকাদারকে শ্রমিকেরা জানিয়ে দেন, মজুরি নির্ধারণ না করা পর্যন্ত তাঁরা কাজ করবেন না। ফলে ওই দিনই গুদাম থেকে সার সরবরাহ বন্ধ হয়ে যায়। শ্রমিক সরদার নজরুল ইসলাম বলেন, ‘বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে। মজুরি না বাড়ালে শ্রমিকেরা কাজে যোগ দেবে না।’এদিকে, ডিলারদের চাপের মুখে ঠিকাদার রোববার বেলা ১১টার দিকে গুদামে ১৩ জন বহিরাগত শ্রমিক নিয়ে আসেন। এতে স্থানীয় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে বাইরের শ্রমিকেরা এলাকা ছেড়ে চলে যান। গুদামের দায়িত্বে থাকা নবির উদ্দীন বলেন, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।