সান্তাহার জংশন স্টেশনমাস্টার লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে সরকারঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচিতে স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন না করায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের মাস্টার বদিউজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। স্টেশনমাস্টার এ ঘটনার জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন। রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনায় সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম শনিবার সান্তাহার রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, সরকারঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি চলাকালীন সান্তাহার স্টেশন কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি জানার পর পৌর আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে দলের নেতা-কর্মীরা শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনমাস্টারের কার্যালয়ে যান এবং তাঁর কাছে কর্মসূচি পালন না করার কারণ জানতে চান। স্টেশনমাস্টার জানান, একপর্যায়ে তাঁকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আবুল কাসেম জানান, এ ব্যাপারে রেলওয়ে পশ্চিমাঞ্চল/রাজশাহীর মহাব্যবস্থাপক এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে অভিযোগ দেওয়া হয়েছে এবং রেলওয়ের অভিযোগ বইয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। আবুল কাসেম তাঁর নেতৃত্বে বদিউজ্জামানকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বলেন, তিনি ঘটনা শুনেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।