সান্তাহার জংশনে ট্রেনে সন্ত্রাসী হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনে গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে। এ সময় ট্রেনের পরিচালক (গার্ড) ও টিকিট পরীক্ষককে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করা হয়। তাঁদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, কয়েক দিন ধরে রেলের চোরাচালানি রুটের নিয়ন্ত্রণ নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে রশি টানাটানি চলছিল। বুধবার রাতে জিআরপি পুলিশ চোরাচালানি রুটের নিয়ন্ত্রণ আওয়ামী লীগ নেতা-কর্মীদের দিয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লে জাতীয় পার্টির মদদপুষ্ট সন্ত্রাসীরা ওই হামলা চালায়।
ট্রেন পরিচালক আবদুল মালেক বলেন, রাত পৌনে আটটার দিকে আন্তনগর তিতুমীর এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছাড়ার বাঁশি দেওয়া মাত্র দেশীয় অস্ত্রে সজ্জিত শতাধিক সন্ত্রাসী ট্রেনে হামলা করে। এ সময় তারা ট্রেনে ঢুকে যাত্রীদের মালামাল লুট শুরু করে এবং ট্রেনের হোসপাইপ খুলে দেয়। একপর্যায়ে লুটপাটে বাধা দিলে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর হাতের দুটি আঙুল কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমের সৃষ্টি হয়। এ সময় তাঁকে উদ্ধার করতে গেলে টিটিই আরাফাত হোসেনও সন্ত্রাসীদের হামলার শিকার হন। আদমদীঘি থানা জাতীয় পার্টির সভাপতি নাজির হোসেন বলেন, ‘আমরা জিআরপি থানার মধ্যে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় কারা হামলা চালিয়েছে, তা আমার জানা নেই।’