সান্তাহার-জয়পুরহাট সড়কে গণছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-জয়পুরহাট সড়কের হেমতখালীতে গত বুধবার ভোরে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা নগদ ৪০ হাজার টাকা, ১৩টি মুঠোফোনসেট ও পরিধেয় শীতবস্ত্র ছিনিয়ে নেয়। ব্যবসায়ীরা জানান, ভোর সাড়ে চারটার দিকে তিলকপুরের মোহনপুর, সরস্বতীপুর ও শ্যামপুর এলাকা থেকে অটোটেম্পো, রিকশাভ্যান ও ভটভটি যোগে ২০-২৫ জন গামছা ব্যবসায়ী সান্তাহার গামছার হাটে আসছিলেন। পথে হেমতখালী নামক স্থানে ১৫-১৬ জনের একদল অস্ত্রধারী তাঁদের আটক ও মারধর করে সবকিছু ছিনিয়ে নেয়। এর মধ্যে শ্যামপুর গ্রামের হাফিজার রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা ও একটি মুঠোফোনসেট, সরস্বতীপুরের মহাতাবের কাছ থেকে নগদ সাড়ে তিন হাজার টাকা, একটি মুঠোফোনসেট ও আরও কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে নগদ সাড়ে ১৬ হাজার টাকা, ১১টি মুঠোফোনসেট ও পরনের শীতবস্ত্র ছিনতাই করে নিয়ে যায়।এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই মিজানুর রহমান বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার তৎপরতা চলছে।