সান্তাহার-জয়পুরহাট সড়কে মালবাহী যান চলাচল বন্ধ
টানা বর্ষণের কারণে সান্তাহার-জয়পুরহাট সড়কের বগুড়ার আদমদীঘি উপজেলা অংশের প্রায় চার কিলোমিটারে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রায় সব ধরনের মালবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে জয়পুরহাটের তিলকপুর থেকে বগুড়ার ছাতিয়ানগ্রাম পর্যন্ত সান্তাহার-জয়পুরহাট সড়ক সংস্কার করা হলেও অজ্ঞাত কারণে আদমদীঘি অংশের চার কিলোমিটার সংস্কার করা হয়নি। প্রায় পাঁচ বছর ধরে সড়কের এই অংশে কোনো সংস্কারকাজ না করায় অনেক আগেই রাস্তার ইট ও খোয়া উঠে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এবার বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে টানা বর্ষণের কারণে এই সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে মালবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। হিলি স্থলবন্দরের সঙ্গে এই সড়কের যোগাযোগ থাকায় মালামাল পরিবহন নিয়ে বগুড়া ও নওগাঁর ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এখন জয়পুরহাট ও হিলি স্থলবন্দর থেকে কোনো যানবাহনকে নওগাঁ যেতে হলে বগুড়া হয়ে প্রায় ৬০ কিলোমিটার ঘুরে আসতে হয়। অথচ এ পথের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার।গত ২২ জুন সরেজমিনে দেখা গেছে, সড়কের ভাঙাচোরা অংশে পুরোনো ইট ও খোয়া বিছিয়ে দেওয়ায় যাত্রীবাহী বাস আংশিক চলাচল করছে। কিন্তু কোনো মালবাহী যানবাহন চলছে না।নওগাঁর ব্যবসাপ্রতিষ্ঠান বেলকোন কোম্পানি সূত্রে জানা গেছে, সান্তাহার-জয়পুরহাট সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় তারা ক্ষতির শিকার হচ্ছে।সান্তাহার ট্রাক বন্দোবস্তকারী সমবায় সমিতির সভাপতি নূর ইসলাম জানান, এ সড়ক দিয়ে ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে মালামাল পরিবহন করতে হচ্ছে। এতে দূরত্ব বেশি হওয়ায় ব্যবসায়ীদের ভাড়া দিতে হচ্ছে অনেক বেশি। ছাতিয়ানগ্রাম এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কার না করায় বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল প্রায় বন্ধের পথে।আদমদীঘি উপজেলা প্রকৌশলী গোলাম মোরশেদ জানান, সড়ক সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ মুহূর্তে উপজেলায় রাস্তার সংস্কারকাজের জন্য নতুন কোনো অর্থ বরাদ্দ নেই। এ কারণে সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। এর পরও সড়কটি দিয়ে যানবাহন চলার জন্য খানাখন্দ ও গর্ত ইট দিয়ে ভরাট করার কাজ চলছে।