সান্তাহার ডাকবাংলোর ভবন ইজারা দিল জেলা পরিষদ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ডাকবাংলোর একটি ভবন সান্তাহার পৌর কৃষক লীগের নেতাসহ চারজনকে ইজারা দেওয়া হয়েছে। বগুড়া জেলা পরিষদ ইজারা দিয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।
বর্তমানে ইজারা নেওয়া ভবন ভেঙে চলছে মার্কেট নির্মাণের কাজ। আর ভবনের পাশের তিনটি গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এই ইজারা বাতিলের দাবি জানিয়েছে সান্তাহার নাগরিক কমিটিসহ উপজেলার বিভিন্ন সংগঠন।
ডাকবাংলো সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর কৃষক লীগের সভাপতি মিমতুয়াজুর রহমান বুলবুল এবং এনামুল হক, মানিক হোসেন ও পিন্টু হোসেনকে বগুড়া জেলা পরিষদ থেকে ডাকবাংলোর এসওর বাসভবন ইজারা দেওয়া হয়েছে। বর্তমানে ইজারাগ্রহীতারা ওই ভবন ভেঙে ও ভবনের পাশের বিশাল আকৃতির একটি কদমগাছসহ তিনটি গাছ কেটে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন।
ডাকবাংলোর তত্ত্বাবধায়ক আবদুল মজিদ বলেন, ইজারা দেওয়া জায়গায় ১৩/১৬ ও ১১/১৬ ফুটের চারটি দোকানঘর নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, ইজারাসংক্রান্ত নথিপত্র বগুড়া জেলা পরিষদের দপ্তর থেকে তাঁর বরাবরে পাঠানো হয়েছে এবং সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেখানো হয়েছে। তিনটি গাছ কেটে ফেলার কথা নিশ্চিত করে আবদুল মজিদ বলেন, ইজারাগ্রহীতারা গাছগুলো তাঁকে দিয়ে দিয়েছেন, বর্তমানে সেগুলো করাতকলে রয়েছে।
বগুড়া জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেনের সঙ্গে গতকাল শুক্রবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোববার অফিসে গিয়ে ইজারার বিষয়টি সঠিক হয়েছে কি না, তা তিনি দেখবেন। আর প্রধান নির্বাহী আনওয়ার হোসেন ইজারা দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সেখানে পাকা স্থাপনা করার কথা নয়। খোঁজ নিয়ে দেখবেন।
মিমতুয়াজুর রহমান বলেন, নিয়মকানুন মেনে জায়গাটি ইজারা নেওয়া হয়েছে, এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।
ডাকবাংলো এলাকায় গিয়ে দেখা গেছে, গাছ, ভেঙে ফেলা ভবনের ইট, টিনসহ কোনো কিছুই নেই। স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, সান্তাহার ডাকবাংলো শহরের প্রাণকেন্দ্র। এখানে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত হওয়ায় জাতীয় পর্যায়ের সব অনুষ্ঠান হয়। সম্প্রতি জেলা পরিষদের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে শহরের কিছু সুবিধাবাদী ব্যক্তি ডাকবাংলোর জায়গা একের পর এক ইজারা নেওয়ায় এলাকাটি সংকুচিত হয়ে যাচ্ছে।
সান্তাহার শহরের ব্যবসায়ী রফিকুল ইসলাম অভিযোগে করেন, কোনো প্রকার প্রচার ছাড়া একটি সরকারি ভবন কীভাবে ইজারা দেওয়া হয়। সান্তাহার নাগরিক কমিটির সভাপতি মোসলেম উদ্দীন বলেন, এই জায়গাটি শহরের শিক্ষা, সংস্কৃতিসহ সব কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। ইজারা দেওয়া বিধি মোতাবেক হচ্ছে কি না, তা স্থানীয় প্রশাসনকে খতিয়ে দেখার দাবি জানান তিনি।
সান্তাহার বিহঙ্গ শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম আম্বিয়া বলেন, বগুড়ায় বসে থেকে কতিপয় কর্মকর্তা তাঁদের ইচ্ছামতো ডাকবাংলোর জায়গা একের পর ইজারা দিয়ে যাবেন, তা মেনে নেওয়া হবে না। ইজারা বাতিল করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদমদীঘির ইউএনও রেজাউল করিম গত বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, এ ধরনের জায়গা ইজারা দেওয়ার আগে জেলা পরিষদ তার পরামর্শ নিতে পারত। তিনি আরও বলেন, সরকারিভাবে প্রতি বর্গফুট জায়গার ভাড়া মাত্র ছয় টাকা। এই টাকার জন্য জনগুরুত্বপূর্ণ জায়গাটির ইজারা দেওয়া খুব প্রয়োজন ছিল না।