সান্তাহার বাফার গুদাম থেকে সার তোলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাফার গুদাম থেকে ইউরিয়া সরবরাহে অনিয়ম ও দুর্নীতির কারণে প্রায় আড়াই হাজার মেট্রিক টন চিকন দানার ইউরিয়া সার গুদামে জমা হয়ে আছে। প্রায় চার-পাঁচ বছর ধরে ওই সার সরবরাহ না করায় সেগুলো জমাট বেঁধে বস্তা ছিঁড়ে ও ফেটে গিয়ে নষ্ট হয়ে গেছে। এসব সার উত্তোলন করতে অপারগতা প্রকাশ করে সাত দিন ধরে সার তোলা বন্ধ রেখেছেন বিসিআইসি অনুমোদিত ১২২ জন ডিলার। ফলে চলতি শুষ্ক মৌসুমে রবিশস্য ও আগামী বোরো মৌসুমে সার নিয়ে কৃষকেরা বিড়ম্বনায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ডিলারদের অভিযোগ, সান্তাহার বাফার গুদামের দায়িত্বরত নবির উদ্দীন দীর্ঘদিন ধরে একশ্রেণীর ডিলারের সঙ্গে আঁতাত করে চিকন সার সরবরাহ না করে অধিক চাহিদার মোটা দানার ইউরিয়া সরবরাহ করে আসছেন। এর ফলে ওই গুদামে জমেছে বিপুল পরিমাণ চিকন দানার ইউরিয়া। গুদামটি থেকে শুধু নওগাঁর ১১টি উপজেলার ডিলারদের মধ্যে সার সরবরাহ করা হয়। ওই এলাকার কৃষকদের মধ্যে মোটা দানার ইউরিয়া সারের চাহিদা বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক গুদামের একাধিক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র গুদামের দায়িত্বরত কর্মকর্তার যোগসাজশে সার নিয়ে ঘাপলা করে আসছে। যে পরিমাণ সার নষ্ট হয়, কাগজে-কলমে তার চেয়ে অনেক বেশি নষ্ট দেখিয়ে বাইরে থেকে সারের বস্তা কিনে এনে রিপ্যাকিং করা হয়। রিপ্যাকিং করা সার সরবরাহ করা হয় ডিলারদের মধ্যে। নওগাঁর সার ডিলার আতিকুর রহমান জানান, সান্তাহার বাফার গুদাম বর্তমানে একটি চক্রের দখলে চলে গেছে। ওই চক্রের দাপটে দূর থেকে আসা ডিলাররা নানা হয়রানির শিকার হচ্ছেন। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) সহসভাপতি সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, একদিকে আমলাতান্ত্রিক জটিলতা, অন্যদিকে বিভিন্ন বাফার গুদামে শ্রমিকসংগঠনের কিছু নেতা ও তাঁদের বাহিনীর কারণে সার উত্তোলন বিঘ্নিত হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত নবির উদ্দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলতে রাজি হননি। বিসিআইসির আঞ্চলিক ব্যবস্থাপক আনিস উদ্দীন জানান, সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। নওগাঁ জেলা বাফার সভাপতি রফিকুল ইসলাম জানান, তাঁরা সার উত্তোলন বন্ধ রেখেছেন।