সান্তাহার রেলক্রসিং ঘিরে ২০০ অবৈধ দোকান
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের সরকারি জমি অবৈধভাবে দখল করে প্রায় ২০০ দোকান গড়ে উঠেছে। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ স্থানীয় অনেকে এসব দোকানের মালিক। দোকানগুলো থেকে প্রতি মাসে ৭০-৮০ হাজার টাকা চাঁদা তোলা হয়। রেলস্টেশনের মাস্টার, রেলওয়ের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা চাঁদার টাকার ভাগ নেন বলে অভিযোগ রয়েছে।অভিযোগ অস্বীকার করে সান্তাহার রেলস্টেশনের মাস্টার হাবিবুর রহমান দাবি করেন, তিনি বা তাঁর কোনো কর্মচারী রেলগেট থেকে চাঁদা নেন না। অবৈধ দোকান উচ্ছেদ করা প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে জিআরপি থানাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিয়েও কোনো কাজ হয়নি।সরেজমিনে দেখা গেছে, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের উত্তর পাশের বিশাল অংশজুড়ে রয়েছে ১ নম্বর রেলগেট। রেলগেটের পশ্চিমে একটি ব্রডগেজ এবং পূর্বে রয়েছে আরেকটি মিটারগেজ রেললাইন। এই দুই লাইনের মাঝের ফাঁকা জায়গায় গড়ে উঠেছে সারি সারি দোকান। রেললাইন দুটি দিয়ে দিন-রাত আন্তনগর, মেইল ও লোকাল মিলিয়ে ৪০টি ট্রেন চলাচল করে। ১০ থেকে ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করায় ক্রসিং এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রেলগেটটি শহরের মধ্যস্থলে হওয়ায় এখানে প্রচুর লোকসমাগম ঘটে।জানা যায়, বছর দুই আগেও এখানে ৫০-৬০টি দোকান ছিল। এখন রেলগেটের পুরো ক্রসিং চত্বরজুড়ে গড়ে উঠেছে প্রায় ২০০ দোকান। এর মধ্যে ৭০-৮০টি পুরাতন কাপড়ের দোকান, প্রায় ৫০টি ফলের দোকান, ছয়টি রেস্তোরাঁ, ৮-১০টি চায়ের এবং আরও অসংখ্য দোকানপাট রয়েছে। পাশাপাশি আছে শতাধিক ভ্রাম্যমাণ দোকান। স্থান সংকুলান না হওয়ায় এখন ক্রসিং এলাকার অব্যবহূত রেললাইনের ওপরও দোকান তৈরি করা হচ্ছে।রেলক্রসিংয়ের পূর্বে রেললাইন থেকে মাত্র তিন-চার ফুট দূরে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানের ‘কনফিডেন্স সুপার মার্কেট’ রয়েছে। বিপণিবিতানটিতে (মার্কেট) কাপড় ও প্রসাধনসামগ্রীর ছয়টি দোকান আছে।সরকারি জায়গায় অবৈধভাবে বিপণিবিতান করা প্রসঙ্গে আবদুর রহমান দাবি করেন, রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের কাছ থেকে ক্ষতিপূরণ লাইসেন্স নিয়েছেন তিনি। তবে সান্তাহার রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ সূত্রে জানা যায়, ক্ষতিপূরণ লাইসেন্স নামে এই বিভাগের কোনো লাইসেন্স নেই। রেলক্রসিংয়ের কোনো দোকানমালিককে কোনো লাইসেন্স দেওয়া হয়নি। এদিকে সান্তাহার পৌর যুবলীগের নেতা রুহুল ঢালীর বিরুদ্ধে রেলওয়ের বিশাল জায়গা দখলের অভিযোগ উঠেছে। তিনি বাঁশ দিয়ে জায়গাটুকু ঘিরে রেখেছেন। সেখানে আরও প্রায় ১৫-২০টি দোকান করার মতো জায়গা আছে। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।অনুসন্ধানে জানা যায়, বর্তমানে রেলক্রসিংয়ের রাস্তাসংলগ্ন একেকটি দোকানঘর নিতে লাখ টাকার ওপর দিতে হয়। ছোটখাটো একটি দোকানের জন্য প্রতিদিন ৬০-১০০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়।রেলগেটের চটপটির দোকানদার লুৎফর জানান, ৮-১০ হাত লম্বা একটি জায়গার জন্য তাঁকে রোজ ৮০ টাকা ভাড়া দিতে হতো। ভাড়া দিতে না পারায় তাঁর দোকান বন্ধ হয়ে গেছে।একই স্থানে চায়ের দোকানদার সোহেল রানা, লাভলী বেগম ও ফলের দোকানদার গোলাম মোস্তফার কাছ থেকে রোজ ৭০-৮০ টাকা করে আদায় করেন দোকানমালিক জলিল, আফতাব ও ইয়াছিন। এ ব্যাপারে দোকানমালিকেরা কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানদার জানান, জিআরপি পুলিশ, স্টেশনমাস্টারসহ বিভিন্ন দলের নেতাদের প্রতিদিন ২০-৩০ টাকা করে চাঁদা দিতে হয়। এ চাঁদা প্রতিদিন নির্দিষ্ট লোকেরা এসে নিয়ে যান।নাম প্রকাশ না করার শর্তে এক চাঁদা আদায়কারী জানান, রেলক্রসিং থেকে মাসে প্রায় ৭০-৮০ হাজার টাকা চাঁদা আদায় হয়ে থাকে। ওই চাঁদা আদায়কারী আরও জানান, বর্তমানে প্রতি মাসে জিআরপি থানাকে ১৫-২০ হাজার টাকা, রেলওয়ের নিরাপত্তা বাহিনীকে তিন হাজার, স্টেশনমাস্টার ও সুইচ কেবিন মাস্টারকে তিন হাজার, বিভিন্ন রাজনৈতিক দলকে পাঁচ হাজারসহ অন্যান্য খাতে পাঁচ-সাত হাজার টাকা দিতে হয়। বাদবাকি টাকা আদায়কারীরা নেন।সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, রেলওয়ের বিভিন্ন দপ্তরের অসহযোগিতার কারণে অবৈধ দোকান উচ্ছেদ করা সম্ভব হয় না। তিনি আরও বলেন, ‘পুলিশ তো নিজে শ্রমিক হয়ে দোকান ভাঙবে না। এর জন্য রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা প্রয়োজন। তার পরও কিছু কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম দাবি করেন, তাঁর দলের কেউ রেলক্রসিং থেকে কোনো প্রকার টাকা নেয় না। তিনি বলেন, রেলক্রসিং ঘিরে একের পর এক দোকান তৈরি হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী। ক্রসিংয়ের মাঝ বরাবর দোকানঘর হওয়ায় ট্রেন আসা-যাওয়া দেখা যায় না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক পংকজ কুমার সাহা প্রথম আলোকে জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।