সান্তাহার রেলস্টেশন থেকে বৃদ্ধ-বৃদ্ধার লাশ উদ্ধার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গত বুধবার বিকেলে এক বৃদ্ধ ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে সান্তাহার জিআরপি থানা-পুলিশ। এ ব্যাপারে রেলওয়ে থানায় পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেছে পুলিশ।
সান্তাহার স্টেশনের চা-বিক্রেতা রোস্তম আলী বলেন, ওই বৃদ্ধ-বৃদ্ধা স্টেশন এলাকায় ভিক্ষা করতেন। কয়েক দিন ধরে তাঁেদের অসুস্থ অবস্থায় প্ল্যাটফর্মে শুয়ে থাকতে দেখা গেছে।
স্টেশনের শ্রমিক শহিদুল ইসলাম জানান, স্টেশনমাস্টারের অফিসের বাইরে বৃদ্ধ লোকটির আর ওভারব্রিজের পাশে বৃদ্ধার লাশ পড়ে ছিল।
সান্তাহার জিআরপি থানার ওসি সাজু মিয়া বলেন, দুই লাশের মধ্যে বৃদ্ধ লোকটির পরিচয় পাওয়া গেছে। জামার পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তাঁর নাম ফজলুল হক (৬৫)। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার উজিরপুরে। তাঁর কাছে নগদ আট হাজার টাকা পাওয়া গেছে। ওসি আরও জানান, ফজলুল হকের গ্রামের বাড়িতে সংবাদ দেওয়া হলে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর ছেলে ও আত্মীয়স্বজন এসে লাশ নিয়ে গেছেন। অন্যদিকে বৃদ্ধার (৫৬) কোনো পরিচয় না পাওয়ায় ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গতকাল নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নওগাঁ আঞ্জুমানে মুফিদুল ইসলাম বৃদ্ধার দাফনের দায়িত্ব নিয়েছে।