সান্তাহার সাইলো থেকে গম পরিবহন বন্ধ
ওজনে ঘাটতি হওয়ার অভিযোগে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সাইলো (গম সংরক্ষণাগার) থেকে গম পরিবহন বন্ধ করে দিয়েছে পরিবহন ঠিকাদার সমিতি। চার দিন ধরে সাইলো থেকে এই গম পরিবহন বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক।
বাংলাদেশ কেন্দ্রীয় খাদ্য পরিবহন ঠিকাদার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত গম পরিবহন বন্ধ রাখা–সংক্রান্ত নোটিশ সাইলো গেটের বাইরের গাছসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দরজা ও দেয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে। ওই নোটিশে আন্তজেলা ঠিকাদার ও প্রতিনিধিদের জানানো হয়, সান্তাহার সাইলো থেকে সরবরাহ করা গমের প্রতি ট্রাকে ১৭০ থেকে ২০০ কেজি পর্যন্ত ঘাটতি থাকছে। এ ঘাটতির কারণ উদ্ঘাটনের উদ্যোগ না নেওয়া পর্যন্ত সাইলো থেকে ছাড় করানো গম বোঝাইয়ের কাজ বন্ধ থাকবে।
এদিকে সাইলোর অধিক্ষক ইলিয়াছ হোসেন বলেন, ডিজিটাল পরিমাপ যন্ত্রে ওজন করে পণ্য বুঝিয়ে দেওয়া হচ্ছে। সাইলো গেট থেকে বের হওয়ার পর ওজনে হেরফের হওয়ার জন্য সাইলো কর্তৃপক্ষ দায়ী নয়।