সান্তাহারে আজ খাদ্যগুদাম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বহুতল খাদ্যগুদাম আজ রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তিনি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ২০১২ সালের জানুয়ারিতে বহুতল খাদ্যগুদাম নির্মাণের কাজ শুরু হয়। ২৫ হাজার টন ধারণক্ষমতার এই গুদামের কাজ শেষ হয় গত বছরের জুনে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত চিঠিতে প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত জানানো হয়েছে। আজ বেলা ১১টায় হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী সান্তাহারে পৌঁছাবেন। এরপর তিনি বহুতল খাদ্যগুদাম প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী এখান থেকে উদ্বোধন করবেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন, সোনাতলার বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র, গাবতলী উপজেলার মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চবিদ্যালয় চত্বরে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র, শাজাহানপুর থানা ভবন, শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ হাইস্কুলে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও সোনাতলা উপজেলার সিচারপাড়া-৩ গুচ্ছগ্রাম প্রকল্প।
পাশাপাশি প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বগুড়া প্রেসক্লাব ভবন ও শাজাহানপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গাবতলী উপজেলার খৈলসাকুড়ি ও জয়ভোগ সেতু, সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী সেতু, কৃষিপণ্য বাজারজাতকরণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় সোনাতলা উপজেলার ১০ কিলোমিটার ও সারিয়াকান্দি উপজেলায় ১০ কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্প।
বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্তাহার স্টেডিয়ামে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।