সান্তাহারে আবারও ডাকাতি
বগুড়ার সান্তাহারের কাশিপুর গ্রামে আহম্মদ আলী নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা লাইসেন্স করা একটি বন্দুক, সোনার গয়না ও মুঠোফোন লুট করে নিয়ে গেছে। পেট্রলপাম্পে ডাকাতির দুই দিন পর এ ঘটনা ঘটল।
পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) আহম্মদ আলী জানান, মঙ্গলবার রাত একটার দিকে বাড়ির দেয়াল টপকে আট-দশজনের একদল ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা তাঁর মুখ ও হাত-পা বেঁধে ফেলে। প্রায় দেড় ঘণ্টা ধরে বািড়র দুটি ঘরের স্টিল ও কাঠের আলমারি এবং শো-কেস ভেঙে মালামাল নিয়ে যায়। তারা বাড়িতে থাকা লাইসেন্স করা একটি একনলা বন্দুক, ছয়টি গুলি, চার ভরি ওজনের সোনার গয়না, ৩৫ হাজার টাকা ও মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়।
এর আগে রোববার রাতে সান্তাহার শহরের আনিকা ফিলিং স্টেশন নামের একটি পেট্রলপাম্পে ডাকাতি হয়। ডাকাতেরা সেখান থেকে প্রায় সাড়ে আট লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ওসি নজরুল ইসলাম গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা দায়েয়ের প্রস্তুতি চলছে।