সান্তাহারে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় গতকাল রোববার উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূসম্পদ বিভাগ। অভিযানে রেলওয়ের ভূসম্পদ বিভাগের সঙ্গে জিআরপি থানার পুলিশ, রেলওয়ের নিরাপত্তা বাহিনী, সান্তাহার রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। অভিযানে সান্তাহার রেলগেট এলাকা থেকে দুই শতাধিক স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া সান্তাহার স্টেশনসংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
সান্তাহারের স্টেশনমাস্টার রেজাউল করিম বলেন, স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় বিপুলসংখ্যক অবৈধ দোকানপাট গড়ে ওঠায় ট্রেন চলাচলে যেমন বিঘ্ন ঘটে, তেমনি এই এলাকায় মাদক কেনাবেচাসহ অসামাজিক কার্যকলাপও বেড়ে যাচ্ছে।