সান্তাহারে ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের মালগুদাম এলাকার ক্রসিং পয়েন্টে গতকাল বুধবার মালবাহী একটি ট্রেন শান্টিং করার সময় এটির ইঞ্জিন ও একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের সৈয়দপুর, পার্বতীপুর, দিনাজপুর এবং নীলফামারী থেকে ঢাকা, খুলনা ও রাজশাহীগামী সব ট্রেন চলাচল নয় ঘণ্টার মতো বন্ধ থাকে। ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুঃসহ গরমের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়। সান্তাহার স্টেশন সূত্রে জানা যায়, মালগুদাম লাইনে প্লেস করার জন্য সকাল আটটার দিকে একটি ট্রেন শান্টিং করা হচ্ছিল। এ সময় সুইচ কেবিন মাস্টার ব্রডগেজ লাইনের পরিবর্তে মিটারগেজ লাইনের পয়েন্ট বানিয়ে ট্রেন চলাচলের অনুমতি (ক্লিয়ারেন্স) দেন। ফলে ট্রেনের ইঞ্জিনটি ব্রডগেজ লাইন থেকে পার হয়ে মিটারগেজ লাইনে ঢুকে পড়ে। এতে ইঞ্জিন ও একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। এতে নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস আক্কেলপুর স্টেশনে, সৈয়দপুর থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস জয়পুরহাট স্টেশনে এবং চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন জামালগঞ্জ স্টেশনে আটকা পড়ে। দুপুর ১২টার দিকে ঈশ্বরদী থেকে একটি এবং পার্বতীপুর থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।