সান্তাহারে কর্মসূচি ঘোষণা ওসির অপসারণ দাবি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও সিএনজিচালিত অটোরিকশার চালক সোহরাব হোসেন ওরফে সোহাগ হত্যার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টার দিকে সান্তাহার রেলগেট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা দীর্ঘ আট দিনেও প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে কর্তব্যে অবহেলার কারণে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবিরকে অবিলম্বে অপসারণের দাবি করেন। এই মানববন্ধন থেকে ১৯ জানুয়ারি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং ২৩ জানুয়ারি রেলপথ, রাজপথ ও সরকারি অফিস-আদালত ঘেরাও এবং অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলে।
আদমদীঘি উপজেলা যুবলীগের আয়োজনে এই মানববন্ধন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও সান্তাহার পৌরসভার সাবেক চেয়ারম্যান গোলাম মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, নিহত যুবলীগ নেতা শফিকুলের ভাই আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম প্রমুখ।
৮ জানুয়ারি বেলা একটায় সান্তাহার সিএসডি গেটের সামনে শহরের বিবদমান দুটি পরিবহনশ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষে সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামকে (৩৮) পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই সময় আহত হন আরও ১০ জন শ্রমিক। আহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালক সোহাগ পরে মারা যান। এ ঘটনায় নিহত শফিকুলের় ভাই নুর ইসলাম ও সোহাগের বাবা আবদুল খালেক থানায় হত্যা মামলা করেন।