সান্তাহারে খাদ্যগুদাম নির্মাণে দুর্নীতি-অনিয়মের অভিযোগ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২০টি খাদ্যগুদাম নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব গুদাম নির্মাণের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নকশা মানা হয়নি। তবে কাজের তদারকিতে থাকা গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারেরা অভিযোগ অস্বীকার করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সান্তাহার সিএসডিতে ১২টি ও এলএসডিতে (বিএডিসি) আটটি গুদাম নির্মাণকাজের জন্য চলতি বছরের শুরুর দিকে দরপত্র আহ্বান করে গণপূর্ত বিভাগ। কাজগুলো পায় আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেগুলো হলো খুলনার ইউনিলিংক ইন্টারন্যাশনাল, বগুড়ার ওকে অ্যান্ড কে জয়েন্ট ভেঞ্চার, বগুড়ার আর এন এস জয়েন্ট ভেঞ্চার, নওগাঁর ব্রাদার্স এন্টারপ্রাইজ, তমা এন্টারপ্রাইজ, খালেক এন্টারপ্রাইজ, পলাশ এন্টারপ্রাইজ ও চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।অভিযোগ উঠেছে, দরপত্রের শিডিউলে নির্মাণকাজে উন্নতমানের কালো পাথর, ডোমারের বালু, উন্নতমানের ইট ব্যবহারের কথা বলা থাকলেও ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ও ওভারসাইজ কালো এবং মরাদানা মিশ্রিত সাদা পাথর, নিম্নমানের ইটের খোয়া, স্থানীয় বালু, ঢালাই ও গাঁথুনির কাজে সিমেন্ট কম দেওয়া হচ্ছে। শিডিউলে পুরো ঢালাইয়ের কাজে স্টিলের পাত দিয়ে সাটারিং করার কথা থাকলেও কাঠ দিয়ে সাটারিং করে ভবনের মূল ভিত্তি গ্রেডবিমের কাজ করা হচ্ছে।অভিযোগ অস্বীকার করেছেন ইউনিলিংক ইন্টারন্যাশনালের প্রতিনিধি শওকত হোসেন, ওকে অ্যান্ড কে জয়েন্ট ভেঞ্চারের প্রতিনিধি অজিত কুমার দাস, আর এন এস জয়েন্ট ভেঞ্চারের প্রতিনিধি আব্দুর রশিদ ও ব্রাদার্স এন্টারপ্রাইজের প্রতিনিধি রঞ্জু। স্টিল সাটারিংয়ের পরিবর্তে কাঠের সাটারিং ব্যবহারের বিষয়ে গণপূর্ত বিভাগের কার্য সহকারী আবদুল কাদের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য এটা করা হচ্ছে। সেকশন অফিসার বুলবুল আহমেদ বলেন, কাজে কোনো অনিয়ম-দুর্নীতি হচ্ছে না। সবকিছু ডিজাইন মোতাবেক করা হচ্ছে। ওভারসাইজ পাথর ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, পাথরসংকটের কারণে ওভারসাইজ পাথর মিশিয়ে কাজ করা হচ্ছে। এতে ভবনের কোনো সমস্যা হবে না।এ ব্যাপারে বারবার চেষ্টা করেও বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।