সান্তাহারে ট্রেনের আসন কমানোয় যাত্রীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সান্তাহার জংশন স্টেশন থেকে বিভিন্ন ট্রেনের আসনসংখ্যা কমিয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আসন কমিয়ে দেওয়ায় ঢাকাগামী যাত্রীরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। আসন বাড়ানো না হলে বৃহত্তর আন্দোলন করার হুমকি দিয়েছে স্থানীয় লোকজন।
সান্তাহার স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকাগামী আন্তনগর একতা, দ্রুতযান, নীলসাগর, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনের জন্য তাপানুকুল, প্রথম, শোভন ও সুলভ শ্রেণীর জন্য সর্বমোট ১৪৪টি আসন বরাদ্দ ছিল। কিন্তু ১০ জুলাই রেলওয়ের বাণিজ্যিক বিভাগ দ্রুতযানের তাপানুকুল ও শোভন শ্রেণীর পাঁচটি আসন, নীলসাগর ট্রেনের পাঁচটি তাপানুকুল, লালমনি এক্সপ্রেস ট্রেনের পাঁচটি শোভন চেয়ারের আসন বাতিল করে। চাহিদার তুলনায় আসন কমে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে।
এ বিষয়ে সান্তাহার পৌরসভার সাবেক মেয়র গোলাম মোরশেদ জানান, সান্তাহার জংশন একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী স্টেশন। নওগাঁর ১১টি উপজেলাসহ বগুড়ার আদমদীঘি উপজেলার সহস্রাধিক মানুষ প্রতিদিন এ স্টেশন দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে।
সান্তাহার নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অবিলম্বে আসন বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে সান্তাহার স্টেশনের জন্য আরও আসন বাড়ানোর দাবি জানিয়েছেন। অন্যথায় তাঁরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার হুমকি দিয়েছেন।
সান্তাহার জংশন স্টেশনের স্টেশনমাস্টার হাবিবুর রহমান জানান, এ স্টেশনে প্রতিদিন ঢাকাগামী ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে যায়। এ স্টেশনের জন্য আরও আসনের চাহিদা রয়েছে। বাতিল হওয়া আসন পুনর্বহাল ও আসনসংখ্যা বাড়ানোর বিষয়ে তাঁরা রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার কাছে আবেদন পাঠাবেন।
রেলওয়ের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, হরতাল ও অবরোধ চলাকালে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেওয়ায় ট্রেনের অনেক বগি পুড়ে নষ্ট হয়ে গেছে। এ কারণে প্রতিটি ট্রেনে বগির সংখ্যা কমিয়ে দেওয়ায় সব স্টেশনে আসন কমিয়ে দেওয়া হয়েছে। অচিরেই ভারত থেকে নতুন বগি আনা হবে। নতুন বগি এলে আবার আসন বাড়িয়ে দেওয়া হবে।