সান্তাহারে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেটম্যানের অবহেলায় বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের কাছে একটি ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ট্রেনের চালক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনে থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সুজিত লেবেলক্রসিং এলাকায় লালমনিরহাট থেকে সান্তাহারগামী ৭১৩ নম্বর আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনবাহী বগির সঙ্গে একটি আটোরিকশার ধাক্কা লাগে। এতে ব্রেক অকেজো হয়ে পড়লে চালক ট্রেনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্লাটফর্মে থামতে না পেরে স্টেশনের কাছে ৫৯ নম্বর পয়েন্টে গিয়ে ইঞ্জিন ও যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়।লেবেলক্রসিং এলাকার আশপাশের লোকজন জানান, ট্রেনটি আসার সময় গেট খোলা থাকায় আটোরিকশাটি লেবেলক্রসিং এলাকায় ঢুকে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে অটোরিকশাটি ছিটকে পড়ে। ঘটনার পর থেকে ওই গেটম্যান শাহ আলম পলাতক রয়েছেন। সান্তাহার জংশন স্টেশনের মাস্টার বদিউজ্জামান বলেন, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সান্তাহার স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আবদুর রহিম, আফজাল হোসেন, আকরামুল ইসলাম ও আকরাম হোসেনকে নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।