সান্তাহারে পিস্তল, চাপাতিসহ গ্রেপ্তার ২
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর থেকে গত বুধবার রাতে পিস্তল, গুলি, ম্যাগাজিন, চাপাতিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সান্তাহার শহর পুলিশ৷ এ সময় তাঁদের কাছে থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেলও উদ্ধার করা হয়৷
গ্রেপ্তারকৃতরা হলেন নাটোরের ছাতনি গ্রামের সাদেক হোসেনের ছেলে ফারুক হোসেন (২০) ও সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার এমদাদুল মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল (২৫)। এ ঘটনায় আদমদীঘি থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার রাত আটটার দিকে শহরের সরকারি কলেজ গেটের সামনে দুটি মোটরসাইকেলে চড়ে পাঁচ যুবক এসে ঘোরাফেরা করছিলেন৷ সন্দেহজনক মনে হওয়ায় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির হাবিলদার আবদুল খালেক ও রায়হান আলী তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন৷ এ সময় মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করে৷ পরে তল্লাশি করে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন ও একটি ধারালো চাপাতি জব্দ করা হয়৷
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে তোলা হবে৷